Type to search

অস্ট্রেলিয়া আন্তর্জাতিক

করোনা মহামারির সময় কর্মী ছাঁটাই, অস্ট্রেলীয় এয়ারলাইন্সকে ৬ কোটি ডলার জরিমানা

করোনাকালীন সময়ে ১,৮০০ জন গ্রাউন্ড কর্মীকে অবৈধভাবে ছাঁটাই করার দায়ে অস্ট্রেলিয়ার বৃহত্তম বিমান সংস্থা ‘কোয়ান্টাস’-কে ৯০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (প্রায় ৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার) জরিমানা করেছে দেশটির ফেডারেল আদালত। যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ শ্রম আইন লঙ্ঘনের জরিমানা।

এ ব্যাপারে আদালতের বিচারক মাইকেল লি বলেন, ‘আমি চাই এই জরিমানা যেন অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্যে ‘বাস্তবিক প্রতিবন্ধকতা’ হিসেবে কাজ করে।’ কোয়ান্টাসের কর্পোরেট কালচার এবং তাদের এই অনুশোচনা প্রকৃত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে কোয়ান্টাস জানিয়েছে, তারা জরিমানা পরিশোধে সম্মত হয়েছেন এবং কর্মীদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। সংস্থাটির প্রধান নির্বাহী ভেনেসা হাডসন বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের কর্মীদের এবং তাদের পরিবারকে যে কষ্ট দিয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

এই জরিমানার মধ্যে ৫০ মিলিয়ন ডলার সরাসরি ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন’- কে দেওয়া হবে, যারা ছাঁটাইয়ের বিরুদ্ধে মামলা করেছিল।

এর আগে ২০২৪ সালে ছাঁটাই হওয়া কর্মীদের জন্য ১২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয় ‘কুয়ান্টাস’। তবে বিশেষজ্ঞরা বলছেন, জরিমানার অঙ্ক যথেষ্ট নয়, কারণ সংস্থাটি ছাঁটাইয়ের মাধ্যমে আরও বেশি অর্থ সাশ্রয় করেছে।

এই ঘটনা কুয়ান্টাসের সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত কাজের মধ্যে অন্যতম, যার মধ্যে রয়েছে বাতিল হওয়া ফ্লাইটের টিকিট বিক্রির অভিযোগে ১০০ মিলিয়ন ডলারের আরেকটি জরিমানা।

তথ্যসূত্রঃ বিবিসি

Translate »