Type to search

খেলাধুলা

ফিফার পোস্টে উড়ন্ত হামজা চৌধুরী

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। জোড়া গোল করা হামজা চৌধুরী নেপাল ম্যাচের হতাশা ভুলে এখন ভারত ম্যাচের দিকে তাকিয়ে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-নেপাল ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরও এক হতাশার রাতের শেষ হলো। ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ এমন ভালোবাসার জন্য। বড় একটা ম্যাচের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ।’

ম্যাচের ৪৬তম মিনিটে জামাল ভূঁইয়ার ভলি থেকে দর্শনীয় এক বাইসাইকেল কিকে গোল করে দলকে সমতায় ফেরান হামজা। এই গোলের মুহূর্তের ছবি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের ‘ওয়ার্ল্ড কাপ’ পেজে পোস্ট করে বাংলায় ক্যাপশন দিয়েছে, ‘উড়ন্ত হামজা।’ হামজার ক্লাব, ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল লেস্টার সিটিও এই গোলের উচ্ছ্বসিত প্রশংসা করেছে।

বাংলাদেশের জার্সিতে ৬ ম্যাচে ৪ গোল ও একটি অ্যাসিস্ট করা হামজা এখন ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, হামজার চোট গুরুতর নয়, সামান্য পেশির টানে ভুগছেন তিনি এবং ভারত ম্যাচে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।-সমকাল

Translate »