Type to search

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ১৫ জনকে হত্যা করা সাজিদ ও নাভিদ সম্পর্কে বাবা-ছেলে

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যার অভিযোগে জড়িত দুই বন্দুকধারী সম্পর্কে বাবা–ছেলে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের।

অস্ট্রেলিয়ায় গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্দুক হামলার পর ঘটনাস্থলেই নিহত হন বন্দুকধারী বাবা। তার নাম সাজিদ আকরাম, বয়স ৫০। তিনিসহ এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ষোলোতে। নিহত সাজিদের ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়।

অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের এই হামলাটি ছিল ইহুদিবিরোধী (অ্যান্টি-সেমিটিক) সন্ত্রাসী আক্রমণ। পুলিশের তথ্যমতে, হামলায় আহত আরও ৪০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হলেও আপাতত স্থিতিশীল। নিহত ও আহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনাকীর্ণ বন্ডাই বিচে প্রায় ১০ মিনিট ধরে এই হামলা চলে। এতে আতঙ্কে শত শত মানুষ সৈকত ও আশপাশের রাস্তায় ছুটোছুটি শুরু করে। পুলিশ জানায়, সৈকতের পাশে ছোট একটি পার্কে অনুষ্ঠিত হানুকা অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন। সেখানেই চালানো হয় হামলা।

হামলার সময় এক সাধারণ নাগরিক সাহসিকতার সঙ্গে এক সশস্ত্র হামলাকারীকে ধরে নিরস্ত্র করেন। ভিডিওতে ধারণ করা সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এই সাহসী ভূমিকার জন্য তাকে ‘হিরো’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ। তার এক আত্মীয়ের বরাত দিয়ে বলা হয়, ৪৩ বছর বয়সী এই ফলের দোকানের মালিককেও দুইবার গুলি করা হয় এবং অস্ত্রোপচার করা হয়েছে।

আহমেদের চিকিৎসা ও সহায়তার জন্য খোলা তহবিলে সোমবার (অস্ট্রেলিয়ার স্থানীয় সময়) বিকেল পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০১৫ সাল থেকে বৈধ অস্ত্রের লাইসেন্সধারী ছিলেন হামলাকারী সাজিদ। তার কাছে ছয়টি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র ছিল। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, অভিযুক্ত বাবা ১৯৯৮ সালে শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন। ছেলে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী নাগরিক।

-ডন

Translate »