Type to search

খেলাধুলা

টিকিটের চাহিদায় অতীত রেকর্ড ভাঙল ২০২৬ বিশ্বকাপ 

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন বসবে ২০২৬ ফিফা বিশ্বকাপের আসর। প্রথমবার ৪৮ দলের বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমালোচনার মুখে পড়েছিল আয়োজক ফিফা। কিন্তু টিকিটের চাহিদায় সেই সমালোচনা উবে গেছে।

টুর্নামেন্টের জন্য বিক্রি যোগ্য টিকিটের সংখ্যা ছয় থেকে সাত মিলিয়ন বা ৬০ থেকে ৭০ লাখ। কিন্তু এরই মধ্যে ১৫ কোটি টিকিটের আবেদন জমা পড়েছে ফিফার কাছে। যা অতীতের যেকোন সময়ের তুলনায় অনেক বেশি।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের র‍্যান্ডম সিলেকশন ড্র টিকেটিং পর্ব চলছে। ১৩ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য আবেদন করা যাবে। তবে এর মধ্যেই ২০০’র বেশি দেশের সমর্থকদের থেকে ১৫ কোটির বেশি টিকিটের আবেদন পেয়েছেন তারা। অগ্রিম টিকিটের আবেদনের সঙ্গে যাচাইকৃত ব্যক্তিগত ক্রেডিট কার্ড নম্বরের হিসাবে বলছে, আগামী বিশ্বকাপে টিকিটের চাহিদা সরবরাহের চেয়েও ৩০ গুণ বেশি।

ফিফা প্রথম বিশ্বকাপ আয়োজন করে ১৯৩০ সালে। কাতার বিশ্বকাপ পর্যন্ত ফিফার ২২টি আসর হয়েছে। ৯৬৪ ম্যাচে ফিফা ৪৪ মিলিয়ন টিকিট বিক্রি করেছে। এবার এক আসরের জন্যই ৩.৪ গুন বেশি টিকিটের চাহিদা জমা পড়েছে ফিফার কাছে।

বিষয়টি নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের  সবচেয়ে বড় ও সর্বজনীন। মাত্র ১৫ দিনে আসরটি পূর্বের তুলনায় ৩০ গুণ চাহিদাসম্পন্ন হয়ে উঠেছে। আমরা উত্তর আমেরিকায় ইতিহাস লিখতে যাচ্ছি। যেখানে সারা বিশ্ব একত্রিত হবে। এই টুর্নামেন্ট ফুটবল ঐক্যের সেরা উদ্‌যাপন হবে।’-সমকাল

Translate »