বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নিহত
বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় বাসচাপায় ছয় দিনমজুর নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহণের একটি বাস শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছে। গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়া-নওগাঁ সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে আসা দিনমজুররা অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন আরও তিনজন মারা যান। -যুগান্তর

