গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সারা দেশে পতিত ফ্যাসিস্টদের দ্বারা ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসীদের দমনে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা তা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারের পক্ষ থেকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বাহিনীকে মোকাবিলা করতে না পারা এবং সকল সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম পরয়ার বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনে সহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহন এবং সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা খুবই উদ্বেগের। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে দেওয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে, যা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নারকীয় কাণ্ডকে স্মরণ করিয়ে দেয়। -দৈনিক ইত্তেফাক

