Type to search

জাতীয় বাংলাদেশ

প্রেসিডেন্ট জিয়া থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান : প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর

ইতিহাসের কোনো কোনো দিন একটি জাতির রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক অভিমুখ ও আত্মপরিচয়ের পুনর্বিন্যাসের সন্ধিক্ষণ হয়ে ওঠে। বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর তেমনই একটি দিন। উইলেম ফান শেন্ডেল তাঁর A History of Bangladesh ১৮তম অধ্যায় ‘A State Is Born’-এ স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ও রাষ্ট্রগঠনের সংকট বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখিয়েছেন, স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় বাংলাদেশকে রাজনৈতিক বৈধতার সংকট, অর্থনৈতিক বিপর্যয়, প্রশাসনিক দুর্বলতা এবং সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সংঘাতসহ নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান দেশের ক্ষমতার সমীকরণে আমূল পরিবর্তন ঘটায় ও বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এর মাধ্যমে জাতির সামনে বাংলাদেশকে নতুন রূপে উপস্থাপন করার সুযোগ পান একজন সেনা কর্মকর্তা। পরবর্তীকালে বিশ্বের বুকে যিনি পরিচিতি পান একজন প্রতিশ্রুতিশীল, উন্নত-আধুনিক চিন্তার দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হিসেবে। একাত্তরের রণাঙ্গনের নেতৃত্ব থেকে একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে যিনি টেনে তোলার দায়িত্ব নেন এবং এই কাজে যিনি খুব অল্প সময়েই সফল হয়েছিলেন। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার নিজস্ব পরিচয় নিয়ে এগিয়ে যাওয়ার নেতৃত্ব খুঁজে পায়। তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ প্রসঙ্গে সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান তার লেখা ‘কিছু স্মৃতি কিছু কথা’ বইয়ে উল্লেখ করেন, ‘৭ নভেম্বর গোটা দেশজুড়ে সৈনিক-জনতার স্বতঃস্ফূর্ত এক অভূতপূর্ব উত্থান ঘটে। আর জেনারেল জিয়া সে অভ্যুত্থানের উত্তাল তরঙ্গমালার শৃঙ্গে আরোহণ করে উঠে আসেন জাতীয় নেতৃত্বের পাদপ্রদীপে।’

নওমি হোসেনের The Aid Lab: Understanding Bangladesh’s Unexpected Success গ্রন্থের বিশ্লেষণে দেখা যায়, মুক্তিযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা বাংলাদেশকে স্বাধীনতা-পরবর্তী সময়ে পুনর্গঠন, খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান, প্রশাসনিক সক্ষমতা ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। শেখ মুজিবের চরম স্বেচ্ছাচারিতা ও আইনের শাসনের অভাবে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের অর্থনীতি কখনই কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। ফলে ১৯৭৪ সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কারণ বিশ্লেষণ করতে গিয়ে অমর্ত্য সেন তাঁর Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation গ্রন্থে শুধু খাদ্যের সামগ্রিক প্রাপ্যতা নয়, বরং দরিদ্র মানুষের খাদ্য কেনার সামর্থ্য ও অর্থনৈতিক অধিকার হারানোর বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। নাওমি হোসেনের ‘Theorising the Politics of Famine: Bangladesh in 1974’ গবেষণাপত্রটিতেও এই দুর্ভিক্ষের অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি নিয়ে একই ধরনের আলোচনা রয়েছে। তদুপরি শেখ মুজিব ক্ষমতাকে কুক্ষিগত করতে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করেন। Is the Bangladesh Paradox Sustainable? গ্রন্থের ‘An Institutional Diagnostic of Bangladesh’ অধ্যায়ে বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর ঐতিহাসিক বিকাশ বিশ্লেষণ করতে গিয়ে গবেষকেরা উল্লেখ করেছেন, ‘১৯৭৫ সালের সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত ও একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বন্ধ হয়ে যায়।’

উইলেম ফান শেন্ডেলের A History of Bangladesh গ্রন্থের ‘Creating a Political System’ অধ্যায়ে আলোচিত ১৯৭৫ সালের রাজনৈতিক সংকটের ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায়, ’৭৫-এর ১৫ আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যের হত্যাকাণ্ডে দেশের সাংবিধানিক ও রাজনৈতিক ধারাবাহিকতা ভয়াবহভাবে বিপর্যস্ত হয়। খোন্দকার মুশতাক আহমাদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং সামরিক বাহিনীর অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্ব ক্রমেই তীব্র হয়ে ওঠে। ২৪ আগস্ট জিয়াউর রহমান সেনাপ্রধান নিযুক্ত হলেও সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের একাংশের অসহযোগিতা, ১৫ আগস্টের অভ্যুত্থানে অংশ নেওয়া কর্মকর্তাদের কর্তৃত্ব এবং রাষ্ট্রপতি ভবনকেন্দ্রিক ক্ষমতার দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলে। তালুকদার মনিরুজ্জামানের ‘Bangladesh in 1975: The Fall of the Mujib Regime and Its Aftermath’ গবেষণাপত্রের বিশ্লেষণে ১৯৭৫ সালের ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির গভীর অস্থিরতার চিত্র ফুটে ওঠে। এ সময় দেশে কার্যত নেতৃত্বের শূন্যতা ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের ফলে মেজর জেনারেল জিয়াউর রহমান গৃহবন্দি হন। ধারাবাহিক অভ্যুত্থান, ক্ষমতার দ্বন্দ্ব এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ অস্থিরতা দেশের সামগ্রিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তোলে। এই ঘটনাপ্রবাহ সাধারণ মানুষ ও সেনা সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে গভীর প্রশ্নের জন্ম দেয়।

এমন নৈরাজ্যকর অবস্থায় ৬ নভেম্বর মধ্যরাতের পর সাধারণ সৈনিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। লরেন্স লিফশুলজ তাঁর Bangladesh: The Unfinished Revolution গ্রন্থে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করেছেন। সেনানিবাসের ব্যারাকে ব্যারাকে সেদিন ছড়িয়ে পড়েছিল বিপ্লবের ফুলকি। চক্রান্তকারীদের সব চক্রান্ত ছিন্নভিন্ন করে দিয়ে ৭ নভেম্বর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকার রাজপথ সাক্ষী হয় এক নজিরবিহীন ও অবিস্মরণীয় দৃশ্যের। ট্রাকে ট্রাকে, ট্যাঙ্কের ওপর চড়ে দেশপ্রেমিক সৈনিকরা আকাশের দিকে গুলি ছুড়ে তাদের বিজয়ের বার্তা ঘোষণা করেন। আর রাজপথে নেমে আসে লাখো মানুষ। সৈনিক ও জনতা একে অপরকে বুকে জড়িয়ে ধরেন, সেনাট্যাঙ্কের ওপর ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। বন্দিদশা থেকে মুক্ত করা হয় জেনারেল জিয়াউর রহমানকে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তদানীন্তন দৈনিক বাংলার রিপোর্টে বিপ্লব সম্পর্কে বলা হয়, ‘সিপাহী ও জনতার মিলিত বিপ্লবে চারদিনের দুঃস্বপ্ন শেষ হয়েছে। মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় ১টায় সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীর সিপাহী-জওয়ানরা বিপ্লবী অভ্যুত্থান ঘটিয়েছেন। ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে উদ্ধার করেছেন বিপ্লবী সিপাহীরা।’ এই মুক্তি কেবল একজন ব্যক্তির মুক্তি ছিল না, এটি ছিল মূলত অবরুদ্ধ বাংলাদেশের অবদমিত স্বাধীনতার মুক্তি। একাত্তরের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নির্বিচারে গণহত্যা শুরু করেছিল জনগণ তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। তখন এই মানুষটিই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ‘উই রিভোল্ট’ বলে স্বাধীনতার ঘোষণা দিয়ে হতবিহ্বল জাতিকে যুদ্ধের পথ দেখিয়েছিলেন। ফলে, সিপাহী ও জনতার কাছে জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেম ও সাহসের এক জীবন্ত প্রতীক। ৭ নভেম্বরের সেই সকালে রেডিওতে ভেসে আসা তাঁর চেনা আহ্বান মুহূর্তের মধ্যে পুরো দেশের মানুষকে ফের এক সুতায় গেঁথে ফেলে। এক ভয়াবহ বিপর্যয় থেকে মুক্তি পায় বাংলাদেশ।

এ বিষয়ে ‘রক্তাক্ত দিনগুলি’ নামক গ্রন্থে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন লেখেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল জিয়ার বন্দিদশা থেকে মুক্তি দেশকে নিশ্চিত ধ্বংসের পথ থেকে বাঁচিয়েছিল। সেদিন তার পাশে ঢাকা সেনানিবাসে আমিসহ ২০ থেকে ২৫ জন কর্মকর্তা দাঁড়িয়েছিলাম। সেই সময় অনেক কর্মকর্তা কর্নেল আবু তাহেরের তথাকথিত বিপ্লবী সৈনিক সংস্থার হাতে নিহত হয়েছিলেন। সেদিন শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও সৈনিকরা প্রতিরোধ করেছিলেন। নস্যাৎ হয়েছিল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের অভ্যুত্থান চেষ্টা। এই ব্যর্থতার কারণ ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াকে বন্দী করে অভ্যুত্থান ঘটানো। খালেদ মোশাররফ এমনকি তাহেরও হয়তো ভুলে গিয়েছিলেন যে, সৈনিক ও তরুণ অফিসারদের মধ্যে জিয়াউর রহমানের জনপ্রিয়তা তাদের চেয়ে অনেক বেশি ছিল।’ অন্যদিকে, একই ঘটনাপ্রবাহের বিবরণ দিতে গিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তাঁর বাংলাদেশ: আ লিগ্যাসি অব ব্লাড গ্রন্থে লিখেছেন, ‘১৯৭৫ সালের ৫ ও ৬ নভেম্বর ক্যান্টনমেন্টসহ সারা শহরে ছড়ানো হলো হাজার হাজার প্রচারপত্র। একটি ব্যাপারে ডান ও বাম উভয় রাজনৈতিক দলই একমত ছিল, আর তা হচ্ছে খালেদ মোশাররফ একজন বিশ্বাসঘাতক এবং সে ঘৃণিত বাকশাল ও মুজিববাদ ফিরিয়ে আনতে চাইছে।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অর্জন ও তাৎপর্যকে যদি একজন রাজনৈতিক বোদ্ধার দৃষ্টিতে বিশ্লেষণ করা হয়, তবে এর মোটাদাগে পাঁচটি প্রধান দিক আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। জাতীয় জীবনে আমাদের জন্য যা অত্যন্ত প্রেরণাদায়ক:

১. ঐক্যবদ্ধ প্রতিরোধের মহাস্মারক: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের অভ্যুত্থান বিশ্বরাজনীতির ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে, যখন কোনো দেশের সাধারণ জনগণ এবং দেশের সশস্ত্র বাহিনী একক জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সুদৃঢ় ঐক্যে আবদ্ধ হয়, তখন কোনো বাহ্যিক অপশক্তি বা অভ্যন্তরীণ চক্রান্তকারী গোষ্ঠী তাদের পরাস্ত করতে পারে না।

২. আধিপত্যবাদের বিরুদ্ধে শাণিত হাতিয়ার: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টারের ১০ নভেম্বর ১৯৭৫ তারিখের কূটনৈতিক বার্তা, “Last Week in Bangladesh in Retrospect” (Telegram 5470)-এ তৎকালীন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্ভাব্য ভারতীয় সামরিক হস্তক্ষেপের আশঙ্কার উল্লেখ রয়েছে। অন্যদিকে, অবিনাশ পালিওয়াল তাঁর India’s Near East: A New History গ্রন্থের ‘Losing the Peace: Famine, Coup, and Countercoup in Bangladesh’ অধ্যায়ে ৩ নভেম্বর পরিচালিত পাল্টা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর পার্শ্ববর্তী বৈদেশিক শক্তিগুলোর সম্ভাব্য সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি বিশ্লেষণ করেছেন। ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য ছিল এইসব বৈদেশিক প্রভাবের কাছে নতজানু রাজনৈতিক মানসিকতা প্রত্যাখ্যান করে জাতিরাষ্ট্রের আত্মবিশ্বাস ও সার্বভৌম সত্তার পুনর্জাগরণ। দেশবাসীর চেতনায় সেদিন নতুন করে জাগ্রত হয়েছিল স্বাধীনতা, আত্মমর্যাদা ও নিজস্ব ভাগ্য নির্ধারণের দৃঢ় প্রত্যয়। এই চেতনা আজও বাঙালি জাতিকে যেকোনো প্রকার স্বৈরাচারী ব্যবস্থা, ফ্যাসিবাদ এবং বাহ্যিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও মনস্তাত্ত্বিকভাবে ঐক্যবদ্ধ হতে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।

৩. সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার: এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় যে, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন। এর জন্য আপসহীন সংগ্রাম করতে হয়। ৭ নভেম্বরের পটভূমির ওপর দাঁড়িয়েই পরবর্তীকালে বাংলাদেশে একদলীয় শাসনের অন্ধকার থেকে বের হয়ে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল।

৪. রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীলতা আনয়ন: ৩ নভেম্বরের পর দেশে যে ভয়াবহ ক্ষমতাশূন্যতা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, ৭ নভেম্বরের বিপ্লব তার গতিপথ বদলে দেয়। লরেন্স লিফশুলজ তাঁর Bangladesh: The Unfinished Revolution গ্রন্থের আলোচনায় ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর সৃষ্ট সংকট এবং ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের বিবরণ থেকে প্রতীয়মান হয়, রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীলতা নিশ্চিত করে দিনটি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো পুনর্বিন্যাসের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল।

৫. ভিশনারি রাষ্ট্রনায়কের উত্থান ও জাতীয় আত্মপরিচয়: এই বিপ্লবের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক প্রাপ্তি ছিল রাষ্ট্রপতি হিসেবে জেনারেল জিয়াউর রহমানের আগমন। যিনি বাংলাদেশকেই শুধু নয়, এই জাতিকে বাংলাদেশি জাতীয়তাবাদের মতো একটি পরিচয় দিয়েছিলেন। মার্কিন গবেষক মার্কাস এফ. ফ্রান্ডা তাঁর Ziaur Rahman’s Bangladesh (১৯৭৯) গ্রন্থে দেখিয়েছেন, জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্ব, স্বাধীনতার ঘোষণা পাঠ এবং রণাঙ্গনে তাঁর সামরিক অবদান তাঁকে জাতীয় পর্যায়ে স্বতন্ত্র পরিচিতি ও গ্রহণযোগ্যতা এনে দেয়। ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। পরবর্তী সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে তিনি দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে নেতৃত্ব দেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বাংলাদেশের নিজস্ব রাষ্ট্রীয় পরিচয়কে কেন্দ্র করে একটি নতুন রাজনৈতিক ধারার প্রাতিষ্ঠানিক রূপ দেন।

ইতিহাস যেন ফিরে ফিরে আসে। এটাই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। কোনো জাতি যখন সংকটে নিক্ষিপ্ত হয়, তখন সেই জাতির পূর্বসূরিরাই তাদের পথ দেখায়। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল যেন সেই বিপ্লবেরই পরম্পরা। হাসিনার দেড় দশকের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতার যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, তাতে দেশপ্রেমিক সেনাবাহিনীরও অকুণ্ঠ সমর্থন সৃষ্টি হয়। ৩৬ জুলাই ঢাকার রাজপথে হাসিনা হটাও জনস্রোত থেকে সেনাদের প্রতি সাধারণ মানুষের পুষ্পবৃষ্টি ও জনগণের প্রতি সেনাসদস্যদের অকুণ্ঠ সমর্থন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করে। এ যেন আরেকটি ৭ নভেম্বর। ১৯৭৫ সালে জিয়াউর রহমানের মুক্তি ও তাঁর নেতৃত্বের পুনঃপ্রতিষ্ঠা যেমন দেশের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানও বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ও রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে।

দীর্ঘ লড়াই-সংগ্রাম আর হাজারো গণতন্ত্রকামী মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ এক নতুন দিগন্তে দাঁড়িয়ে আছে। ভোটাধিকার-বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত হয়েছে। গণতান্ত্রিক পরিবেশে মানুষ তার পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। সেই সঙ্গে জাতি হিসেবে মানুষ ফিরে পেয়েছে বাংলাদেশি আত্মপরিচয়। জাতিসত্তার এই গৌরবোজ্জ্বল পথচলার নেতৃত্বে সেই সৈনিকেরই পবিত্র রক্তপ্রবাহ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে যিনি জনগণকে স্বপ্ন দেখিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশের। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশকে একটি মর্যাদাশীল আসনে অধিষ্ঠিত করতে জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের বিপুল রায়ে বিজয়ী হয়ে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কার্যকর করা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা সুরক্ষা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের পথে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি আজ দেশের অবিসংবাদিত নেতৃত্বে প্রতিষ্ঠিত। তাঁর হাতে এই উত্তরাধিকার রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট নীতি, জনগণের অধিকার রক্ষা, জবাবদিহি এবং বাস্তব ফলাফলের মধ্য দিয়ে প্রতিদিন নতুন অর্থ পাচ্ছে।

The Ziaur Rahman Era: Reconsidering Bangladesh in Politics, Governance, and Change গ্রন্থে আলোচিত জিয়াউর রহমানের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতির প্রেক্ষাপটে বলা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুদৃঢ় করা, উৎপাদনমুখী অর্থনীতি এবং বহুদলীয় গণতন্ত্রের যে ভিত্তি রচনা করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পথেই এগিয়ে চলেছেন। জিয়াউর রহমান যেমন ক্ষমতায় এসে কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর কথা ভেবে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, তেমনি তারেক রহমানের সরকারও অনুরূপ কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের সিগনেচার কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, নারী শিক্ষায় অনার্স স্তর পর্যন্ত রাষ্ট্রীয় সহায়তা, বন্ধ মিল চালু করে তরুণদের কর্মসংস্থান এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, এসব উদ্যোগ তাঁর সুচিন্তিত পরিকল্পনা ও সঠিক অগ্রাধিকারের পরিচয় বহন করে। দ্য ডেইলি স্টার-এর ২৬ মে ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, সরকার প্রথম ১০০ দিনের মধ্যেই মন্ত্রিসভার গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়ন করেছে। এই গতিশীলতা প্রমাণ করে, তাঁর নেতৃত্বে সরকার যথাযথভাবে ও জনকল্যাণমুখী ধারায় কাজ করছে।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত এই রাজনৈতিক ধারাবাহিকতা তাই শুধু ব্যক্তির উত্থান বা একটি দলের ইতিহাস নয়। এর কেন্দ্রে রয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মমর্যাদা, জনগণের রাজনৈতিক অধিকার এবং এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে ক্ষমতার উৎস জনগণ এবং প্রতিষ্ঠান পরিচালিত হয় আইনের শাসন ও জবাবদিহির ভিত্তিতে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যে সঠিক পথেই অগ্রসর হচ্ছেন। ৭ নভেম্বরের প্রকৃত শিক্ষা জাতীয় ঐক্যকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে তুলে ধরা, সার্বভৌমত্বকে অর্থবহ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ। তাঁর দূরদর্শী নেতৃত্বে “সবার আগে বাংলাদেশ” নীতিতে সেই অঙ্গীকার আজ বাস্তবতায় রূপ নিচ্ছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অমর হোক। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় আত্মমর্যাদার চেতনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাক বাংলাদেশ।

লেখক:  সিনেট ও সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

-বাসস

Translate »