৮০ শতাংশ বাস মালিকই আওয়ামীপন্থি
পরিবহন খাতে নৈরাজ্য চলছেই। এর পেছনে রয়েছে বেপরোয়া চাঁদাবাজি। এই খাতের ৮০ শতাংশ এখনো আওয়ামীপন্থিদের কবজায় থাকায় অস্থিরতা বেড়েছে।
রাজনৈতিক নেতা, স্থানীয় মাস্তান ও পুলিশের বেপরোয়া চাঁদাবাজি এবং পরিবহন শ্রমিকদের যাত্রী হয়রানিতে চরম অরাজক পরিস্থিতি চলছে এ খাতে। বাস টার্মিনাল, কাউন্টার ও রুটের নিয়ন্ত্রণ পরিবর্তন হলেও পরিবহন মালিক হিসেবে এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই রয়ে গেছেন। ফলে শ্রমিকরা তাদের কথাই শুনছেন। এতে খুব সহজেই যেকোনো বাসে অগ্নিসংযোগ করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীর বাস টার্মিনালগুলো সরেজমিনে ঘুরে সড়ক পরিবহনসংশ্লিষ্ট সংগঠন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাস মালিকদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা নামে-বেনামে পরিবহন ব্যবসায় যুক্ত হওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে। সড়কে এখন আইনি নিয়ন্ত্রণ নেই বললে চলে। অন্যদিকে, বিশৃঙ্খলার আয়োজন করেই এ খাত থেকে প্রতিনিয়ত হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে রাজনৈতিক প্রভাবশালী মহল ও পুলিশ।
সূত্র জানায়, রাজধানীসহ সারা দেশে যত গাড়ি রয়েছে, তার প্রায় ৮০ ভাগ বাসের মালিক আওয়ামী লীগ নেতারা। এমনকি সংগঠনগুলোও চলছে তাদের নেতৃত্বে। রাজধানীসহ আন্তঃজেলার ১৬ রুটে ৯৪টি কোম্পানির প্রায় ৯ হাজার বাস রয়েছে। এর মধ্যে ঢাকা টু বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুর ও খুলনা রুটের গোল্ডেন লাইন পরিবহন মালিক আওয়ামী লীগ।
ঢাকা টু খুলনা, কচুয়া রুটের ফাল্গুনী ও মধুমতী পরিবহনের মালিক আওয়ামীপন্থি। ঢাকা টু পিরোজপুর, মঠবাড়ীয়া ও শ্যামনগর রুটের ইমাদ পরিবহন এবং ঢাকা টু গোপালগঞ্জ, খুলনা সাতক্ষীরা, যশোর, বেনাপোল, বাগেরহাট রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস মালিকও আওয়ামী লীগ। ঢাকা টু যশোর, নওয়াপাড়া, লাহুড়িয়া রুটের নড়াইল এক্সপ্রেস, ঢাকা টু ভাঙ্গা, ফরিদপুর রুটের ইলিশ স্পেশাল পরিবহন মালিক আওয়ামী লীগের। বর্তমানে সুমন নামে একজন এটি পরিচালনা করলেও আয় যাচ্ছে আওয়ামী মালিকের পকেটে। ঢাকা-মাদারীপুর রুটে চলা আনন্দ এক্সপ্রেসের মালিক আওয়ামী লীগের।
এছাড়া ফুলবাড়িয়া থেকে সিটির মধ্যে চলাচলকারী আনন্দ এক্সপ্রেস ও আনন্দ সুপার এক্সপ্রেস আওয়ামীপন্থি মালিকের। রাজধানীর মিরপুর থেকে গোপালগঞ্জের মুকসুদপুর রুটে চলা বসুমতি পরিবহন ছয় আওয়ামী লীগ নেতা পরিচালনা করেন। মিরপুর থেকে ভাঙ্গা রুটে স্বাধীন পরিবহন, আব্দুল্লাহপুর থেকে ভাঙ্গা রুটে প্রচেষ্টা পরিবহন, ফুলবাড়ীয়া থেকে বালিগাঁও রুটের বাসগুলোর মালিক আওয়ামী লীগ দলীয়।
অনুসন্ধানে আরো জানা গেছে, শিকড় পরিবহনের চেয়ারম্যান মো. মানিক এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহজালাল আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। এছাড়া পরিবহন খাতের দানবখ্যাত ফ্যাসিবাদী আওয়ামী আমলের সাবেক মন্ত্রী শাজাহান খানের পরিবারের মালিকানায় ঢাকা-মাদারীপুর রুটে সার্বিক পরিবহনের বাস চলাচল করে। প্রজাপতি পরিবহনের এমডি আওয়ামী লীগের সাবেক এমপি শাহিদা তারেক দীপ্তি।
এনা পরিবহনের মালিক বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাবেক মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি বর্তমানে পলাতক খোন্দকার এনায়েত উল্যাহ। বিহঙ্গ পরিবহনের মালিক স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। বর্তমানে এই পরিবহনের এমডি নাসির উদ্দিন খোকন।
সূত্র জানায়, গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোম্পানি ও অনাবিল ট্রান্সপোর্ট কোম্পানির মালিক আওয়ামী লীগ নেতা জুয়েল দেওয়ান। কিন্তু বর্তমানে চলছে পুলিশের দুই কর্মকর্তার তত্ত্বাবধানে। সংরক্ষিত আসনের সাবেক এমপি ও মহিলা লীগের সাবেক সভাপতি আশরাফুন নেছা মোশাররফের পরিবহন কোম্পানি স্বপ্ন সার্ভিসেস।
রাইদা পরিবহনের চেয়ারম্যান ইকবাল হোসেন আওয়ামী লীগ সমর্থক। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলী আকবর বাবুল ইলিশ পরিবহনের মালিক। এই পরিবহনের সঙ্গে জাকির হোসেন নামে মালিক সমিতির এক নেতাও রয়েছেন। নারায়ণগঞ্জ-মিরপুর রুটে চলাচলকারী হিমালয় পরিবহনের চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস। গ্লোরী এক্সপ্রেসের মালিক ও চেয়ারম্যান পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হকের ভাই ইসমাইল হক। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পলাতক ফরিদুর রহমান ইরান দেশ বাংলা পরিবহন কোম্পানির চেয়ারম্যান।
কনক পরিবহন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাই আজিজুর রহমান খানের, ঢাকা-গাজীপুর রুটে চলাচলকারী ঢাকা পরিবহন ও ঢাকা-কিশোরগঞ্জ রুটের শৌখিন পরিবহনের মালিক বিএনপি নেতা মির্জা আব্বাস।
উৎসব ট্রান্সপোর্টের এমডি পরিবহন নেতা কাজল এবং ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ। এই পরিবহনের মূল পরিচালক নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা চেঙ্গিস খান ও মোক্তার হোসেন। মোক্তার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ। তারা এই পরিবহন ছাড়াও সেতু পরিবহন, বন্ধু পরিবহন, বন্ধন পরিবহন, শীতল পরিবহন, বোরাক পরিবহন ও আনন্দ পরিবহনের পরিচালনা পর্ষদে রয়েছেন।
ইতিহাস ও ঠিকানা পরিবহনের মালিক মো. রিপন। তিনি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় হিসেবে পরিবহন সেক্টরে নিজেকে পরিচয় দেন।
টার্মিনালগুলোয় নৈরাজ্য যেভাবে চলছে
গত বৃহস্পতিবার দুপুর ২টায় কাকলীর মোড়ে সরেজমিনে ঘুরে দেখা যায়, পাঁচ মিনিটের মধ্যে ভূঁইয়া পরিবহনের পাঁচটি বাস বনানী সড়ক আটকে যাত্রী তুলছে। এতে ওই সড়কে যানজট সৃষ্টি হয়।
যাত্রাবাড়ীতে যানজটের অন্যতম কারণ শিকড় পরিবহন। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা সড়ক পরিবহনের নেতারা জানান, শিকড় পরিবহনের গন্তব্য কাঁচপুর পর্যন্ত। কিন্তু কাঁচপুর না গিয়ে যাত্রাবাড়ীর চৌরাস্তা থেকে ঘুরে যাচ্ছে। স্থানীয় বিএনপি নেতারা লাখ লাখ টাকা তুলছেন এই পরিবহন থেকে।
নগরে রাইদা পরিবহনের নৈরাজ্যও চরম আকার ধারণ করেছে। উত্তরার দিয়াবাড়ী থেকে পোস্তগোলা রুটে চলাচলকারী এই পরিবহনটি প্রায়ই সড়ক আটকে যাত্রী তোলে এবং প্রতিযোগিতা করে চলায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে সড়কে প্রায়ই যানজট সৃষ্টি হয়।
নৈরাজ্যের নেপথ্যে চাঁদাবাজি
রাস্তায় বাস কোম্পানিগুলোর নৈরাজ্যের নেপথ্যে চাঁদাবাজির কথাই বলেছেন মালিক, চালক, পুলিশ ও খাত সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ—বিপুল চাঁদা দেওয়ায় পরিবহনে মুনাফা থাকে খুবই কম। এরপরে রয়েছে পরিচালনা ব্যয়। সব মিলিয়ে অস্থিরতা বিরাজ করছে এই খাতে।
মালিক-শ্রমিক সংগঠন ছাড়াও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অনেক সদস্য, কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিবহন খাতের চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অনুসন্ধানে উঠে এসেছে। তারা বাস টার্মিনাল ও বাসস্ট্যান্ডে প্রবেশ ও অবস্থান বাবদ অবৈধ অর্থ আদায় করছেন। আগে রশিদ বা টোকেন দিয়ে চাঁদা তোলা হলেও, বর্তমানে নগদ অর্থের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) মাধ্যমেও চাঁদার টাকা লেনদেন হচ্ছে। এই টাকা রাজনৈতিক নেতা, সমিতি এবং পয়েন্টভিত্তিক লাইনম্যানদের মধ্যে ভাগবাঁটোয়ারা হয়।
ছয় রুটেও আওয়ামীপন্থিদের পরিবহন
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ‘এক রুট, এক কোম্পানি’ পদ্ধতিতে বাস চালুর উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে ১ নভেম্বর থেকে ঢাকার ছয়টি প্রধান রুটে পরীক্ষামূলকভাবে নতুন ব্যবস্থায় বাস চলাচল শুরু করে। ওই ছয়টি রুটের মধ্যেও আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বাস কোম্পানি রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সায়েদাবাদ টার্মিনাল আ.লীগের নিয়ন্ত্রণে
সায়েদাবাদ টার্মিনাল থেকে দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ বাস চলাচল করে। এই টার্মিনালটির নিয়ন্ত্রণ মূলত আওয়ামী লীগের মালিক-শ্রমিকদের হাতেই। সায়েদাবাদ বাস মালিক সমিতির সদস্য সচিব জাহিদুল লতিফ খোকা ট্রান্সসিলভা বাসের মালিক তিনি। এই পরিবহনটি আওয়ামী লীগ আমলেও দাপটের সঙ্গেই রাজধানীতে চলেছে। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র তাপসের সঙ্গে যোগসাজশে খোকা নগর পরিবহন করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বাস টার্মিনালে খোকার নৈরাজ্যে বিরক্ত হয়ে মালিকরা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিতে অভিযোগ দিয়েছেন।
বাস কোম্পানির মালিকরা আমার দেশ-এর কাছে অভিযোগ করেন, খোকার সহযোগিতায় বৃহত্তর নোয়াখালী বাস মালিক সমিতির এখনো সভাপতি রয়েছেন স্টার লাইনের মালিক আলাউদ্দিন। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য এবং ফেনী পৌরসভার মেয়র ছিলেন। অথচ এখনো তিনি নিয়ন্ত্রণ করছেন বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মালিক শ্রমিকদের। তার সাধারণ সম্পাদক হিমাচলের মালিক মাসুদ শ্রমিক লীগ নেতা। এখন তিনি নিজেকে যুবদল নেতা পরিচয় দিচ্ছেন। তারাই নিয়ন্ত্রণ করছেন—কার বাস চলবে, কার বাস চলবে না। এভাবে প্রতিটি মালিক ও শ্রমিক সংগঠনেই আওয়ামী লীগের দাপট বহাল রয়েছে। আর এই সেক্টরের লাখ লাখ টাকার চাঁদাও তাদের মধ্যেই ভাগবাঁটোয়ারা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
দক্ষিণবঙ্গ-খুলনা অঞ্চল মালিক সমিতির সভাপতি শাজাহান খানের ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার লাট মিয়া এবং সাধারণ সম্পাদক খোকা। এই অঞ্চলে বিভিন্ন কোম্পানির প্রায় ৫০০ বাস চলাচল করে। বাস মালিকরা অভিযোগ করেন, প্রতি বাস থেকে তারা ১০০ টাকা করে চাঁদা তুলছে। দিনে প্রায় ৫০ হাজার টাকার চাঁদাবাজি করছেন এই দুজন। খোকা সায়েদাবাদ টার্মিনালে থাকা প্রতিটি বাস থেকে দৈনিক ৩০ টাকা করে তুলছেন বলে অভিযোগ রয়েছে।
সাবেক আওয়ামী লীগ নেতা আবুল কালাম টার্মিনাল থেকে টাকা তুলতেন লাইনম্যান মিন্টুকে দিয়ে। খোকাও এখন সেই একই লাইনম্যান মিন্টুকে দিয়ে প্রতিটি বাস থেকে অকার্যকর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নামে টাকা তুলছেন বলে অভিযোগ করেছেন মালিকরা। এমনকি আবুল কালামের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন খোকা।
পুলিশের বিশেষ সূত্রে জানা গেছে, ঢাকার ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় দুই কোটি ২১ লাখ টাকা চাঁদাবাজি হয়। সে হিসাবে মাসে এ খাতের চাঁদাবাজির পরিমাণ প্রায় ৬৬ কোটি থেকে ৮০ কোটি টাকা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তথ্যমতে, শুধু বাস ও মিনিবাস থেকেই বার্ষিক প্রায় ১,০৫৯ কোটি টাকা চাঁদা আদায় করা হয়। এছাড়া গুলিস্তান-ফুলবাড়ীয়া অঞ্চল থেকে শহরতলির ৩৪টি পরিবহন থেকে দৈনিক প্রায় ১৪ লাখ টাকা আদায় করা হয়। বাসপ্রতি প্রতিদিন ৫০০-১১০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। ঘাটারচর থেকে রজনীগন্ধা (সাইনবোর্ড), রমজান (ডেমরা-স্টাফ কোয়ার্টার), মালঞ্চ (ধূপখোলা), মিডলাইন (খিলগাঁও), প্রজাপতি ও পরীস্থানসহ (মিরপুর-আব্দুল্লাহপুর) তিন শতাধিক বাস চলাচল করে। এসব বাস থেকে প্রতিদিন পাঁচ লাখ টাকার বেশি চাঁদা আদায় করা হয়। আব্দুল্লাহপুরে প্রত্যেক বাস থেকে ১০০ টাকা চাঁদা নেওয়া হয়।
এই বিপুল অঙ্কের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা না গেলে পরিবহন খাতে অরাজকতার অবসান অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল ।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এমএ বাতেন আমার দেশকে বলেন, আওয়ামী লীগের আমলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ২৫০টির বেশি বাস কোম্পানিকে রেজিস্ট্রেশন দিয়েছে। বর্তমানে সেখান থেকে ৯০টি রয়েছে। মূলত বাস কোম্পানিগুলো পরিচালন ব্যয়ে দরকার পাঁচ লাখ টাকা, সেখানে মালিক সমিতিগুলো ও অন্যান্য সংগঠন তুলছে ১৫ লাখ টাকার মতো। এভাবেই চাঁদাবাজি হচ্ছে। আমরা এনবিআর ও পুলিশ কমিশনারকে বলেছি তদন্ত করে ব্যবস্থা নিতে। খোকার বিরুদ্ধে যদি সরকার বা পুলিশ ব্যবস্থা নেয়, তাহলে আমরা প্রতিবাদ করব না। কারণ আমাদের কাছে চাঁদাবাজদের কোনো জায়গা নেই।
ডিএমপির মুখপাত্র আকতার হোসেন আমার দেশকে বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ বা গোয়েন্দা তথ্য পেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। -আমার দেশ

