Type to search

স্বাস্থ্য

সর্দি-জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন যেসব লক্ষণে

নিউমোনিয়া এমন একটি শ্বাসতন্ত্রের সংক্রমণ, যার প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ সর্দি, মৌসুমি ফ্লু কিংবা জ্বরের সঙ্গে মিলে যায়। ফলে রোগটি শুরুতে সহজে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। কাশি, জ্বর কিংবা অস্বাভাবিক ক্লান্তিকে অনেকেই সাধারণ অসুস্থতা ভেবে অবহেলা করেন।

কিন্তু এসব লক্ষণ দীর্ঘস্থায়ী হলে বা ধীরে ধীরে বাড়তে থাকলে তা নিউমোনিয়ার সতর্কসংকেত হতে পারে। বিশেষ করে শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস নেওয়া কিংবা বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকিৎসকদের মতে, দীর্ঘস্থায়ী কাশি নিউমোনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। বিশেষ করে কাশির সঙ্গে হলুদ বা সবুজ রঙের কফ বের হলে সতর্ক হওয়া প্রয়োজন। এ ছাড়া জ্বর, কাঁপুনি, অতিরিক্ত ঘাম, অস্বাভাবিক ক্লান্তি ও ক্ষুধামন্দা দেখা দিতে পারে।

সংক্রমণ বাড়তে থাকলে শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস নেওয়া এবং বুকে ব্যথা হতে পারে। বিশেষ করে কাশি দেওয়ার সময় কিংবা গভীরভাবে শ্বাস নেওয়ার সময় এ ব্যথা অনুভূত হতে পারে।

শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কারণ, এসব ব্যক্তির শরীরে নিউমোনিয়ার লক্ষণ সব সময় প্রচলিত উপসর্গের মতো নাও হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করে উপসর্গ স্থায়ী হলে বা বাড়তে থাকলে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিশেষজ্ঞরা বলেন, নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ সাধারণ সর্দি, ফ্লু কিংবা মৌসুমি শ্বাসতন্ত্রের সংক্রমণের সঙ্গে অনেকটাই মিলে যায়। এ কারণে রোগটির শুরুর দিকের সতর্কসংকেত সহজেই এড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

তারা জানান, দীর্ঘস্থায়ী কাশি, জ্বর, কাঁপুনি, ক্লান্তি ও শরীর ব্যথার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে এসব উপসর্গ বাড়তে থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট ও দ্রুত শ্বাস নেওয়া ফুসফুসে সংক্রমণের ইঙ্গিত দিতে পারে।

বয়স্ক ব্যক্তি ও আগে থেকে অন্য রোগে আক্রান্তদের ক্ষেত্রে বিভ্রান্তি, শারীরিক দুর্বলতা কিংবা ক্ষুধামন্দার মতো অস্বাভাবিক লক্ষণও দেখা দিতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন

চিকিৎসকরা জানান, শ্বাসতন্ত্রের সব সংক্রমণ এমনিতেই সেরে যাবে—এমন ধারণা করা ঠিক নয়। উপসর্গের ধরন ও পরিবর্তনের দিকে নজর রাখা জরুরি।

তাদের পরামর্শ, জ্বর ও কাশি দীর্ঘস্থায়ী হলে কিংবা শ্বাস নিতে কষ্ট শুরু হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সময়মতো চিকিৎসা নেওয়া নিউমোনিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে সংক্রমণ গুরুতর হয়ে ওঠার ঝুঁকিও কমায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Translate »