Type to search

আন্তর্জাতিক

‘মুসলিম-বিদ্বেষ গণহত্যাকে স্বাভাবিক করার হাতিয়ার’

মুসলিম-বিদ্বেষ কেবল ব্যক্তিগত ঘৃণা, কুসংস্কার কিংবা বৈষম্যের বিষয় নয়; বরং এটি বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত এমন এক বর্ণবাদী ক্ষমতাকাঠামো, যা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও গণহত্যাকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করে তুলছে। এমন মন্তব্য করেছেন মুসলিম-বিদ্বেষী বর্ণবাদ বিষয়ক গবেষক ড. আমিনা শরিফ।

তিনি বলেন, গাজা, ইরান ও লেবাননে চলমান ধ্বংসযজ্ঞ মুসলমানদের বিরুদ্ধে দীর্ঘদিনের বর্ণবাদী ও বৈষম্যমূলক ব্যবস্থারই ধারাবাহিকতা। এই ব্যবস্থা মুসলমান এবং মুসলিম হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উপস্থাপন করে। ফলে তাদের ওপর নিপীড়ন, সহিংসতা ও সামরিক অভিযানকে নিরাপত্তার স্বার্থে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হয়।

ড. আমিনার মতে, এই ব্যবস্থার কেন্দ্রে রয়েছে ‘মুসলিম সন্ত্রাসী’র একটি নেতিবাচক ধারণা। এর মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক অবস্থান ও অধিকার আদায়ের প্রচেষ্টাকেও স্বভাবগতভাবে হুমকি হিসেবে চিত্রিত করা হয়। এই মানসিকতা কেবল নজরদারি, আটক কিংবা সামরিকীকৃত সীমান্তব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যুদ্ধ, রাজনৈতিকভাবে পরিত্যাগ এবং মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ ধ্বংসের ক্ষেত্রেও এর প্রতিফলন ঘটে।

তিনি বলেন, ফিলিস্তিন এমন একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেখানে আধুনিক নিরাপত্তাব্যবস্থা, নিয়ন্ত্রণপ্রযুক্তি ও দমন-পীড়নের কৌশল পরীক্ষা ও পরিমার্জিত হয়েছে এবং পরবর্তী সময়ে বিশ্বের অন্যান্য অঞ্চলেও তা ব্যবহার করা হয়েছে। এ প্রক্রিয়াকে তিনি ‘প্যালেস্টাইন বুমেরাং’ ধারণার মাধ্যমে ব্যাখ্যা করেছেন।

ড. আমিনার মতে, ইরান, লেবানন, কাশ্মীর, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও আফগানিস্তানের সংঘাতগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট ভিন্ন হলেও এসব ক্ষেত্রে একটি অভিন্ন প্রবণতা লক্ষ করা যায়। তা হলো, মুসলিম জনগোষ্ঠীকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরা এবং তাদের ওপর সংঘটিত সহিংসতা ও দুর্ভোগকে সহজেই ন্যায্যতা দেওয়ার পরিবেশ তৈরি করা।

ড. আমিনা শরিফ বলেন, মুসলিম-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই মূলত মানুষের জীবন, মর্যাদা ও মানবিক অধিকার রক্ষার সংগ্রাম। এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি, যে ব্যবস্থা গোটা জনগোষ্ঠীকে অকালমৃত্যু ও ধ্বংসের ঝুঁকির মুখে ঠেলে দেয়।

তিনি আরো বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ অনিশ্চিত হলেও সেই লক্ষ্যে কাজ করার দায়িত্ব থেকে সরে আসার সুযোগ নেই।

সূত্র: মিডল ইস্ট আই

Translate »