ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি
দেশে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা। প্রায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী। হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্চেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে ৬৩৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। চলতি বছরে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৭ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৭ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, খুলনা ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, রংপুর ৭ জন, সিলেটে ৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫০২ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫২৮ জন।
গত ১লা জানুয়ারি থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৩৮ হাজার ৫২৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬০ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৮ শতাংশ নারী।
-দৈনিক মানবজমিন

