চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ১৭ দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ ডাক্তারদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসাসেবায় তিনি সাড়াও দিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টায় সাবেক এই প্রধানমন্ত্রী তার সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ বলেন, উনি (খালেদা জিয়া) সিসিইউতে চিকিৎসাধীন আছেন। উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার, সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। উনি চিকিৎসাধীন আছেন, এ নিয়ে কোনো গুজবে কান না দেয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আর উনাকে যে চিকিৎসা দেয়া হচ্ছে, চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি সেটা গ্রহণ করতে পারছেন। সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন।
তিনি বলেন, গত শুক্রবার আমরা দেশের বাইরে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হয়েছিল, একদিনে এম্বুলেন্সের কারিগরি ক্রটি, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ওই সময়ে, এয়ার এম্বুলেন্সে ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা উনাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারেনি। যাতে উনার স্বাস্থ্যের উন্নতি হয়, সেজন্য উনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছেন।
আমরা চেষ্টা করছি, আমরা এগিয়ে যাচ্ছি- যাতে সর্বোত্তম সেবা উনার জন্য নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি, সেটি উনি পেতে পারেন। সেজন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের পরামর্শক্রমে উনার চিকিৎসা অব্যাহত রয়েছে। -মানবজমিন

