Type to search

Lead Story রাজনীতি

সংস্কারের ৯৯ শতাংশই বিএনপি আড়াই বছর আগে উপস্থাপন করেছে: তারেক রহমান

বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে, তার প্রায় ৯৯ শতাংশ প্রস্তাব বিএনপি অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিএনপি ৩১ দফা দিয়েছে। যেসব রিফর্ম নিয়ে কথা হচ্ছে, বর্তমান সরকার রিফর্ম কমিটি গঠন করেছে, রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে—এই আলোচনার কেন্দ্রে রয়েছে যেসব প্রস্তাব, তার ৯৯ শতাংশই বিএনপি আড়াই বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছিল।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের পথে দেশকে পরিচালিত করেছেন। তাই বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, ধীরে ধীরে তার ভিত শক্ত করা। ড্যাবের কাউন্সিল প্রমাণ করে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই—এমন বক্তব্য পুরোপুরি সত্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

৩১ দফার মধ্যে স্বাস্থ্যখাত নিয়ে যে প্রস্তাব রয়েছে, তা বাস্তবায়নে চিকিৎসক সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন জানিয়ে চিকিৎসকদের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকার একা এসব বাস্তবায়ন করতে পারবে না। দলীয় সংসদ সদস্য বা নেতারাও পারবেন না। ড্যাবের প্রতিটি সদস্য, প্রতিটি কাউন্সিলরের সক্রিয় ভূমিকা ছাড়া এটি সম্ভব নয়।’

তারেক রহমান বলেন, গত ১৫ বছরে হাজারো মানুষ খুন ও সহিংসতার শিকার হয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছে, নিখোঁজ হয়েছে। মানুষের প্রত্যাশা হলো একটি স্বস্তির বাংলাদেশ।

-দৈনিক ইত্তেফাক

Translate »