Type to search

স্বাস্থ্য

শীতকালে বাড়ে ফুসফুসের ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব নিয়ম

শীতের সময় তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টজনিত নানা সমস্যা বাড়তে পারে। বিশেষ করে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) বা দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য শীতকাল বেশ ঝুঁকিপূর্ণ। এ সময় কাশি, কফ জমা, শ্বাসের সঙ্গে বাঁশির মতো শব্দ হওয়া এবং শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো উপসর্গ বেড়ে যেতে পারে। ঠান্ডা আবহাওয়া ও শুষ্ক বাতাসের পাশাপাশি শ্বাসতন্ত্রের সংক্রমণ এ সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে।

শুষ্ক বাতাসে বাড়ে শ্বাসকষ্ট

চিকিৎসকদের মতে, শীতের বাইরের ঠান্ডা ও শুষ্ক বাতাস সিওপিডি রোগীদের শ্বাসকষ্ট বাড়ানোর অন্যতম প্রধান কারণ। এ ধরনের বাতাস শ্বাসনালিতে প্রবেশ করলে তা শ্বাসনালিকে উত্তেজিত ও সংকুচিত করে। ফলে শ্বাস নিতে সমস্যা হয়। আগে থেকেই শ্বাসনালি সংকুচিত ও সংবেদনশীল থাকায় বাইরে সামান্য হাঁটাচলাও কাশি, বুকে চাপ অনুভব এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে।

শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি

শীতকালে ইনফ্লুয়েঞ্জা ও রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসসহ (আরএসভি) বিভিন্ন ভাইরাসের সংক্রমণ সিওপিডির উপসর্গ বাড়িয়ে দিতে পারে। এমনকি সাধারণ সর্দি-কাশিও ফুসফুসের কার্যক্ষমতা কম থাকা রোগীদের জন্য জটিলতা তৈরি করতে পারে।

ঘরের বাতাসও ঝুঁকিপূর্ণ

শীতে দরজা-জানালা বন্ধ রাখায় ঘরে বাতাস চলাচল কমে যায়। রান্নার ধোঁয়া, মশার কয়েল, ধূপ, রুম ফ্রেশনার ও অন্যান্য দূষিত উপাদান শ্বাসনালিতে জ্বালাপোড়া সৃষ্টি করে। ঘরে ধুলা ও স্যাঁতসেঁতে পরিবেশ থাকলেও শ্বাসকষ্ট বাড়তে পারে।

যেসব সতর্কতা জরুরি

শীতকালে সিওপিডির জটিলতা এড়াতে চিকিৎসকের পরামর্শগুলো হলো-

– বাইরে বের হলে নাক ও মুখ স্কার্ফ বা মাস্ক দিয়ে ঢেকে রাখা।

– চিকিৎসকের দেওয়া ইনহেলার নিয়মিত ব্যবহার করা।

– পর্যাপ্ত পানি পান করা।

– তামাকের ধোঁয়া ও বায়ুদূষণকারী উপাদান এড়িয়ে চলা।

– ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল ও কোভিড-১৯ টিকা নেওয়ার বিষয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা।

এ ছাড়া শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, কফের রং বা পরিমাণ পরিবর্তন, দীর্ঘস্থায়ী কাশি, জ্বর কিংবা অস্বাভাবিক ক্লান্তিকে অবহেলা করা যাবে না। নিজে থেকে ওষুধের মাত্রা বাড়ানো বা বন্ধ না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তীব্র শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বিভ্রান্তি কিংবা ঠোঁট নীলচে হয়ে গেলে জরুরি চিকিৎসা নিতে হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Translate »