লাশ গুম নিয়ে প্রচারণা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র: ইনকিলাব মঞ্চ
সংবাদ সম্মেলনে কথা বলছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত
লাশ গুম নিয়ে যে প্রচারণা চলছে তা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে কোনোভাবেই লাশ গুম করা সম্ভব নয়। এটা কোনো আন্দোলনে গুলি করে হত্যা নয়। শিক্ষার্থীরা ক্লাস করছিল, ডকুমেন্ট স্কুলেও আছে, তার মা-বাবার কাছেও রয়েছে।’
বুধবার (২৩ জুলাই) দুপুরে মাইলস্টোন ট্র্যাজেডিতে রাষ্ট্রের দায় নিরূপণ ও জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে আহুত কফিন মার্চের সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
হাদি বলেন, ‘সেনাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের কোন একটি গোষ্ঠী যেকোনো ঘটনার পরেই বলতে থাকে- পাহাড় থেকে সেনাঘাঁটি সরাও, সারা দেশ থেকে সেনাঘাঁটি সরাও। কিন্তু কেন? ভারত এসে দেশটাকে দখল করুক? ওদের মনোবাসনা হলো সেনারা পাহাড়ে থাকতে পারবে না, সমতলেও থাকতে পারবে না; থাকবে শুধু ওরা আর ভারত।’
তিনি বলেন, ‘এ দেশের সেনাবাহিনী যদি দুর্বল হলে তাহলে লাভ কার? এতে ক্ষতি কেবল বাংলাদেশেরই, লাভ প্রতিবেশী দেশ ভারতের। যারা এই সুরে কথা বলে, বাংলাদেশের মানুষ যেন তাদের চিনতে কখনো ভুল না করে।’

