যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও দু’পক্ষই আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের তীব্র সংঘাতের পরও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার (১১ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ করার বিষয়ে ইরানের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি চেয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই প্রণালি দিয়ে তেল পরিবহন অনিশ্চিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও প্রভাবিত হয়েছে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটি ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল হয়ে উঠেছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান আমাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলেছে। আমরা রাজি হয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি শেষ।
তবে ট্রাম্পের এই দাবির বিরোধিতা করেছে ইরান। দেশটি বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ করেনি। বরং কাতারের একজন মধ্যস্থতাকারীকে আতিথ্য দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে।
পরিস্থিতি সম্পর্কে জানা একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি নিয়ে আলোচনার জন্য কাতারের মধ্যস্থতাকারীরা শুক্রবার ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
-রয়টার্স

