Type to search

Lead Story আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি আরও কাছাকাছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যে শান্তি আলোচনা চলছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় সমাপ্তির আরও কাছাকাছি পৌঁছেছে। ফ্লোরিডার মার-এ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার ‘দারুণ বৈঠকের’ পর এ মন্তব্য করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলেও, ট্রাম্প স্বীকার করেন যে আলোচনা জটিল ও নাজুক। তা ভেঙে পড়লেও যুদ্ধ আরও বহু বছর ধরে চলতে পারে। তিনি বলেন, ২০২২-এর ফেব্রুয়ারির পর থেকে যে যুদ্ধ লাখো প্রাণ কেড়ে নিয়েছে, তা শেষ করা সম্ভব কি না, তা কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে উঠবে। ট্রাম্প বলেন, আমরা খুব ভালো অগ্রগতি করেছি। প্রায় সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দুই পক্ষই যুদ্ধ শেষ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

অক্টোবরের শেষবারের বৈঠকের মতোই, এবারও বৈঠকের ঠিক আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেন। এরপর ট্রাম্প দাবি করেন, চলমান হামলার মাঝেও মস্কো শান্তির ব্যাপারে সিরিয়াস। তিনি বলেন, আমি সত্যিই বিশ্বাস করি আমরা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাছাকাছি এসেছি।সবাইই চায় এই যুদ্ধ শেষ হোক।

জেলেনস্কি ও ট্রাম্প উভয়েই ডনবাস অঞ্চলের ভবিষ্যৎকে সবচেয়ে বড় অচলাবস্থা হিসেবে চিহ্নিত করেন। বর্তমান পরিকল্পনা অনুযায়ী পূর্বাঞ্চলীয় ডনবাসের বর্তমান যুদ্ধরেখায় যুদ্ধ থামিয়ে একটি নিরস্ত্রীকরণ অঞ্চল গড়ে তোলার কথা বলা হয়েছে। তবে রাশিয়া দীর্ঘদিন ধরেই ভূখণ্ড ছাড়ের দাবি জানিয়ে আসছে। ট্রাম্প বলেন, এটি এখনো অমীমাংসিত। তবে অনেকটাই কাছাকাছি গেছে।

বিষয়টি খুব কঠিন। কিন্তু আমি মনে করি শেষ পর্যন্ত সমাধান হবে। অন্যদিকে ট্রাম্প ইউক্রেনের সংসদে গিয়ে এই পরিকল্পনা উপস্থাপনের প্রস্তাব দেন, যা বাস্তবায়ন কঠিন হলেও জেলেনস্কি তাকে স্বাগত জানান। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সংশোধিত শান্তি কাঠামো নিয়ে উন্মুক্ত মনোভাব প্রকাশ করেন, যা প্রথমবারের মতো সম্ভাব্য ভূখণ্ডগত সমঝোতার ইঙ্গিত দেয়। তবে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগে ইউক্রেনের জনগণের গণভোট প্রয়োজন। জেলেনস্কি জানান, ট্রাম্পের প্রস্তাবিত শান্তি কাঠামোতে ‘৯০ শতাংশ সম্মত’ এবং ‘যুক্তরাষ্ট্র-ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা ১০০ শতাংশ চূড়ান্ত হয়েছে।’

-এনডিটিভি

Translate »