শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল
যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের উপর সম্প্রতি ৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। আমাদের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। যদি এই খাতটিতে এত বেশি শুল্কারোপ করা হয়, তাহলে এটি সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে এবং ঘুরে নাও দাঁড়াতে পারে। এতে আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে।
’বৃহস্পতিবার (১০ জুলাই) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে ‘ছাত্র ও জনতার জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
ফখরুল বলেন, মার্কিন শুল্কারোপের বিষয়টি দেশ ও আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয়। ‘অন্তর্বর্তী সরকার এতে কতটা মনোযোগ দিয়েছে— তা আমি নিশ্চিত নই। তাদের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল এবং সবচেয়ে যোগ্য ব্যক্তিদের আমেরিকার সঙ্গে আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা উচিত ছিল।’
তিনি মনে করেন, সময় এখনও ফুরিয়ে যায়নি। শিল্প রক্ষা, বিশেষ করে নারীদের চাকরির সুরক্ষা এবং অর্থনীতির আরও ক্ষতি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।
বিএনপি মহাসচিব সীমান্ত হত্যা এবং পুশ-ইনের ঘটনাগুলোর বিষয়টিও তুলে ধরেন। সাংবাদিক এবং গণমাধ্যমকে এই বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা সীমান্ত হত্যা এবং পুশ-ইনের বিষয়গুলোকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি না। সংবাদপত্রে ছোট ছোট অংশে সংবাদ প্রকাশিত হচ্ছে। আমি সকল সাংবাদিক এবং গণমাধ্যম পেশাদারদের অনুরোধ করছি, তারা যেন এই বিষয়গুলোকে তাদের প্রাপ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। এগুলো কোনো ছোটখাটো বিষয় নয়। সীমান্তের বিভিন্ন জায়গায় নিয়মিতই এই ধরনের ঘটনা ঘটছে।’
ফখরুল অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে এই বিষয়গুলো জোরালোভাবে উত্থাপন করারও আহ্বান জানিয়েছেন। ‘ভারতের সঙ্গে যথাযথ কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো আলোচনার একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা উচিত,’ বলেন তিনি।
ফেনীতে সাম্প্রতিক বন্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর ন্যায্য পানি বণ্টনের অমীমাংসিত বিষয়টিও তুলে ধরেন তিনি।
ফখরুল বলেন, ‘ভারতের সঙ্গে পানি বণ্টনের বিষয়টি মীমাংসা হয়নি। ফেনীতে ইতোমধ্যেই বন্যা শুরু হয়ে গেছে। বর্ষা অব্যাহত থাকায় আরও বন্যা হতে পারে। পানির সুষম বণ্টন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে।’
তিনি গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়ে বলেন, সহনশীলতা এবং অনুশীলন ছাড়া প্রকৃত গণতন্ত্র বিকশিত হতে পারে না।
বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। কিন্তু সেই ঐক্য কোথায় থাকা উচিত? আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এটি থাকা উচিত। আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি, তবে আপনার মতামত প্রকাশের অধিকার রক্ষার জন্য আমি আমার জীবন উৎসর্গ করব—জাতীয় ঐক্যের অর্থ এটাই।’
তিনি বলেন, গণতন্ত্র অর্জনের জন্য ভিন্ন ভিন্ন মতামতের প্রতি সহনশীলতা অপরিহার্য। ‘দুঃখের বিষয়, বাংলাদেশে আমরা কখনও সেই চেতনায় গণতন্ত্র অনুশীলন করিনি। গণতন্ত্র একটি সংস্কৃতি এবং এটি অনুশীলন না করে আমরা কীভাবে এটি অর্জনের আশা করতে পারি?’ সেই প্রশ্নও রাখেন তিনি।
তিনি তরুণদের সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। বলেন, ‘আমরা বারবার লড়াই করেছি। এখন, একটি সত্যিকারের গণতান্ত্রিক জাতি গঠনে সফল হওয়ার জন্য আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে প্রস্তুত থাকতে হবে।
-দৈনিক ইত্তেফাক

