অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরান, তলানিতে কূটনৈতিক সম্পর্ক
ইরানের তেহরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। ‘ইহুদি-বিরোধী কর্মকাণ্ডে’ সমর্থনের অভিযোগ তুলে ইরানের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের কয়েকদিন পর এই সিদ্ধান্ত এলো।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, অস্ট্রেলিয়ার অ-বন্ধুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান পাল্টা ব্যবস্থা নিয়েছে। এটি কূটনৈতিক নিয়ম এবং আন্তর্জাতিক আইন অনুসারে করা হয়েছে।
বাঘাই অস্ট্রেলিয়ার সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক হ্রাসের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমরা কূটনৈতিক সম্পর্ক হ্রাসকে স্বাগত জানাই না। কারণ আমরা বিশ্বাস করি, (অস্ট্রেলিয়ার) পদক্ষেপের কোনো কারণ বা ন্যায্যতা ছিল না। এটি আমাদের দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলে।’
সীমাবদ্ধতা সত্ত্বেও বাঘাই উল্লেখ করেন, ক্যানবেরায় তেহরানের কনস্যুলার বিভাগটি সক্রিয় রয়েছে। তারা অস্ট্রেলিয়ায় বসবাসকারী ইরানি নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা প্রদানের জন্য সচেষ্ট রয়েছে।
তিনি ইরানের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগও প্রত্যাখ্যান করে বলেন। এগুলোকে ‘হাস্যকর ও ভিত্তিহীন’ বলে বর্ণনা করেন।
এর আগে ২৬ আগস্ট অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, তেহরান অস্ট্রেলিয়ায় দুটি ইহুদি-বিরোধী হামলার সঙ্গে জড়িত। তিনি ক্যানবেরায় ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদেঘি এবং আরও তিনজন কূটনীতিককে সাত দিনের মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দেন।
এদিকে, ইরানের পদক্ষেপের পর অস্ট্রেলিয়া তেহরানে দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে। সেই সঙ্গে পরিস্থিতি অনুকূল হলে ইরানে বসবাসকারী অস্ট্রেলিয়ান নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশত্যাগের আহ্বান জানিয়েছে।

