পরমাণুর জন্য নয়, ইরানকে আত্মসমর্পণ করাতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: খামেনি
ইসরাইলের বিরুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, এই যুদ্ধে ইসরাইল ধ্বংস হয়ে যেত। তাই ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল। কিন্তু ইরান আমেরিকার মুখে একটি কঠিন থাপ্পড় দিয়েছে।
তিনি জানান, পরমাণুর জন্য যুক্তরাষ্ট্র হামলা চালায়নি, বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই যুক্তরাষ্ট্র হামলা চালায়। যুদ্ধবিরতির পর খামেনি এই প্রথম বার্তা দিলেন। তার দাবি, আত্মসমর্পণ শব্দটি ইরানের অভিধানে নেই।
খামেনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, যা ঘটেছে তার একটি অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত বর্ণনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনি বলেন, এটা স্পষ্ট ছিল তাকে এটা করতে হয়েছিল। তিনি আরো বলেন, যে কেউ শুনলেই বলতে পারে আমেরিকা সত্যকে বিকৃত করার জন্য জিনিসগুলো অতিরঞ্জিত করেছে। সর্বোচ্চ নেতা বলেন, আমরা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আক্রমণ করেছি এবং এখানে তারা এটাকে ছোট করার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক সমৃদ্ধকরণ ইস্যু নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই ছিল বলে ভিডিও বার্তায় বলেন খামেনি। ক্ষমতাধর এই নেতা জানান, একদিন এটা মানবাধিকার, অন্যদিন নারীদের অধিকার, এরপর এটা পারমাণবিক ইস্যু এবং তারপর ক্ষেপণাস্ত্রকে ইস্যু বানায় যুক্তরাষ্ট্র। আসলে এর মূলে সর্বদা একটা জিনিস ছিল, তারা চায় ইরান আত্মসমর্পণ করুক।
গতকাল সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে, কারণ তারা মনে করেছিল যে, যদি তা না হয়, তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। খামেনি বলেন যে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। পরবর্তী ইংরেজি ভাষার একটি বার্তায় খামেনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে।
তার দাবি, ইসলামি প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসনব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সঙ্গে প্রায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই। সংঘাত শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি তাকে। খামেনি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামেও তার অ্যাকাউন্টে ফারসি ভাষায় আরেকটি বার্তা পোস্ট করেন। তিনি লিখেছেন, তৃতীয় বারের মতো অভিনন্দন, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন। ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে, প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে একটিই কণ্ঠস্বর শোনা যাবে বলেও জানান তিনি।
আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধ করছে ইরান
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে ইরানের পার্লামেন্টের আনা প্রস্তাব অনুমোদন করেছে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফের মতে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সরকারের সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা ইসলামি আইন এবং সংবিধানের পরিপন্থি নয়। এর আগে পার্লামেন্টেও অনুমোদন দেওয়া হয়। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উপস্থাপিত ব্যাখ্যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাযা কাল্লাসও যুক্তরাষ্ট্রের হামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির দুই দিন পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ দুই দিনের সফরে চীন গেছেন।
১৫ বছরের পরিকল্পনার চূড়ান্ত পরিণতি :মার্কিন জেনারেল
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলাকে ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন। আমেরিকার নাগরিকদের এই সাফল্য উদ্যাপন করা উচিত বলেও মন্তব্য কছেন তিনি। এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে। পেন্টাগনের ফাঁস হওয়া একটি প্রতিবেদনকে প্রাথমিক প্রতিবেদন বলে মন্তব্য করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন, ইরানে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল ১৫ বছরের কাজের চূড়ান্ত পরিণতি। হামলায় ব্যবহূত অস্ত্রগুলো ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলায় যাতে সাফল্য অর্জন করা যায়, সেজন্য ডিজাইন, পরিকল্পনা এবং সরবরাহ করা হয়েছিল বলে জানান তিনি। ঘটনাস্থলে মোট ছয়টি বোমা নিক্ষেপ করা হয়েছিল বলে জানান কেইনি। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ বলেছেন, মার্কিন হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যদিও তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে বলে ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়েছেন।
—বিবিসি

