ভারতে আন্দোলনের মধ্যেই ভোটার তালিকা থেকে বাদ প্রায় ১ কোটি নাম
ভারতের কর্ণাটক রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কর্তৃপক্ষ। এতে খসড়া তালিকার তুলনায় ভোটারের সংখ্যা কমেছে প্রায় ১ কোটি। এর আগে খসড়া তালিকা থেকে ১ কোটি ৭ লাখের বেশি নাম বাদ দেওয়া হলেও চূড়ান্ত তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৮ লাখ ৬৪ হাজার ভোটার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত চূড়ান্ত তালিকায় এ তথ্য উঠে এসেছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে ভারতে আন্দোলন ও বিতর্কের মধ্যেই এ তালিকা প্রকাশ করা হলো।
কর্ণাটকের প্রধান নির্বাচনি কর্মকর্তার ওয়েবসাইটে বিধানসভা আসনভিত্তিক ভোটার তালিকা পাওয়া যাচ্ছে। এ ছাড়া নির্বাচন কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টাল থেকেও ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন।
নাম যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে ‘সার্চ বাই ইপিআইসি’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ভোটার পরিচয়পত্রের নম্বর দিয়ে রাজ্য হিসেবে কর্ণাটক বেছে নিয়ে ক্যাপচা পূরণ করে ‘সার্চ’ বাটনে ক্লিক করতে হবে।
তবে অনুসন্ধানে ‘নো রেজাল্ট ফাউন্ড’ দেখালেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে নিশ্চিত হওয়া যাবে না। এ ক্ষেত্রে সরকারি ভোটার তালিকায় তথ্য যাচাই করার পাশাপাশি প্রয়োজনে নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
চূড়ান্ত তালিকার তথ্য অনুযায়ী কর্ণাটকে পুরুষ ভোটার রয়েছেন ২ কোটি ২৫ লাখের বেশি। নারী ভোটারের সংখ্যা ২ কোটি ২৯ লাখের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন।
তালিকায় ১৮ ও ১৯ বছর বয়সী ভোটার রয়েছেন ৬ লাখ ৮৩ হাজারের বেশি। অন্যদিকে ৮৫ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ৩ লাখ ৯২ হাজারের বেশি।
খসড়া তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে বাসস্থান পরিবর্তন করেছেন অথবা ভোটার যাচাইয়ের সময় যাদের খুঁজে পাওয়া যায়নি, এমন ব্যক্তিদের। এ শ্রেণিতে বাদ পড়েছে ৮০ লাখ ৬২ হাজার নাম।
এ ছাড়া মৃত হিসেবে নথিভুক্ত হওয়ায় ১৬ লাখ ৩৯ হাজারের বেশি এবং একাধিকবার নাম থাকায় সাত লাখের বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যান্য কারণে বাদ পড়েছে আরও ৩ লাখ ৮৩ হাজার নাম।
তবে বাসস্থান পরিবর্তন বা খুঁজে না পাওয়ার কারণে যাদের নাম বাদ পড়েছে, তাদের পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদনের সুযোগ রয়েছে।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভোটার হিসেবে নিবন্ধনসহ মোট ৭ লাখ ৮৭ হাজার ৫৩৪টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের ভিত্তিতে যাচাই শেষে বাদ পড়া ব্যক্তিদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

