বিশ্বকাপ জিতে বিপুল লাভ স্পেনের, বাকিরা পাবে কত?
২০২৬ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এতে দেশটি শুধু তাদের দ্বিতীয় বিশ্বশিরোপাই অর্জন করেনি, তারা পেতে যাচ্ছে টুর্নামেন্টের রেকর্ড পরিমাণ পুরস্কারমূল্যও। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পাশাপাশি বিশ্বসেরা দেশটির খেলোয়াড়েরা পাবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আর্থিক পুরস্কার। নিউ ইয়র্কে ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের ১০৬তম মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। এই জয়ের ফলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সর্বোচ্চ ৫ কোটি মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বর্তমান বিনিময় হার (১ ডলার = ১২৩.১২ টাকা হিসাবে) অনুযায়ী যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি ৬০ লাখ টাকা।
পুরস্কারের অর্থমূল্যে রেকর্ড, কোন দল পাবে কত?
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ প্রাইজমানির দিক থেকে পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ফিফা আগের আসরগুলোর তুলনায় এবার মোট পুরস্কারের পরিমাণ প্রায় ৫০ ভাগ বাড়িয়েছে। পারফরম্যান্সের ভিত্তিতে প্রদান করা প্রাইজমানির মধ্যে চ্যাম্পিয়ন স্পেন পেয়েছে ৫ কোটি ডলার (প্রায় ৬১৫ কোটি ৬০ লাখ টাকা), রানার্সআপ আর্জেন্টিনা পেয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি ৩০ লাখ টাকা), তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি ৫ টাকা) এবং চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩৩২ কোটি ৪২ লাখ টাকা)। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া সুইজারল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম ও মরক্কোর প্রতি দল পেয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার করে (প্রায় ২৩৩ কোটি ৯২ লাখ টাকা)। শেষ ১৬ দল বা প্রি-কোয়ার্টার ফাইনালিস্ট কলম্বিয়া, মিশর, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, মেক্সিকো, ব্রাজিল, প্যারাগুয়ে এবং কানাডার প্রতি দল পেয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার করে (প্রায় ১৮৪ কোটি৬৮ লাখ টাকা)। এছাড়া শেষ ৩২ দল হিসেবে ঘানা, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কেপ ভার্দে, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, সেনেগাল, ডিআর কঙ্গো, ইকুয়েডর, সুইডেন, আইভরি কোস্ট, নেদারল্যান্ডস, জার্মানি, জাপান ও দক্ষিণ আফ্রিকার প্রতিটি দল পেয়েছে ১ কোটি ১০ লাখ ডলার করে (প্রায় ১৩৫ কোটি ৪৩ লাখ টাকা)। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া উরুগুয়ে, স্কটল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইরান, উজবেকিস্তান, ইরাক, সৌদি আরব, কুরাসাও, চেক প্রজাতন্ত্র, কাতার, পানামা, জর্ডান, তিউনেশিয়া, নিউজিল্যান্ড, হাইতি ও তুরস্কের প্রতি দল পেয়েছে ৯০ লাখ ডলার করে (প্রায় ১১০ কোটি ৮০ লাখ টাকা)। খেলোয়াড় ও দলগুলোর পারফরম্যান্স নির্ভর এই প্রাইজমানিতে মোট বরাদ্দ রাখা হয়েছিল ৭০ কোটি ৩ লাখ ডলার (প্রায় ৮,৬২২ কোটি ৫৯ লাখ টাকা)। এর বাইরে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪৮টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের খরচ ও বাড়তি আর্থিক সহযোগিতার অংশ হিসেবে বাকি ১৬ কোটি ৮ লাখ ডলার (প্রায় ১,৯৮০ কোটি ৭৭ লাখ টাকা) ফিফা সমানভাবে বণ্টন করে দিয়েছে, যা টুর্নামেন্টে তারা যে স্থানেই শেষ করুক না কেন সবাই পাবে। স্প্যানিশ খেলোয়াড়দের জন্য বিশ্বকাপ জয় কেবল বিশ্ব ফুটবলের ইতিহাসে অমরত্ব এনে দেয়নি, বরং তাদের ঝুলিতে এনে দিয়েছে ফিফা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ইতিহাসের অন্যতম বৃহৎ নগদ বোনাস। -মানবজমিন

