Type to search

খেলাধুলা

লিটনদের সামনে ভুল শোধরানোর সুযোগ আজ

এক দিনের জন্য মিতালি পেতে আজই আড়ি! যেখানে আফগান-শ্রীলঙ্কা ম্যাচে মনপ্রাণ দিয়ে লঙ্কানদের সমর্থন দিয়েছিল বাংলাদেশিরা, আজ সুপারফোরের প্রথম ম্যাচে সেই লঙ্কানরাই বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ। গ্রুপ পর্বের ম্যাচে এই শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে ৬ উইকেটে হেরে যাওয়ার পর লিটনদের সামনে চ্যালেঞ্জ আজ সুপারফোরে সেই ভুল শোধরানোর। তা ছাড়া এবারের ভেন্যুটাও ভিন্ন, আবুধাবির বদলে দুবাই; যেখানে এরই মধ্যে স্পিনাররা দেখিয়ে দিয়েছেন ম্যাচ কথা বলে তাদের ভাষাতেই। সেখানে আজ একাদশে অধিনায়ক লিটন দাস কি তিন স্পিনার নিয়ে দল সাজাবেন ? নাকি দুই পেসার আর দুই স্পিনার নিয়ে বাকিটা পার্টটাইমার দিয়ে কাজ চালাবেন? জানার আগ্রহ আছে সমর্থকদের। তবে লঙ্কার একাদশে একটি বদল নিশ্চিত, বাবার মৃত্যুর খবর পেয়ে তাদের বাঁহাতি স্পিনার ওয়েলালাগে কলম্বো ফিরে গেছেন। আজ বাংলাদেশের বিপক্ষে মহেশ থাকসেনাকে দেখা যেতে পারে।

আসলে এই দুই প্রতিপক্ষ গত তিন মাসে একে অন্যের বিপক্ষে এত বেশি ম্যাচ খেলেছে যে শক্তি-দুর্বলতা সবারই জানা। লঙ্কায় গিয়ে লিটনরা তাদের সঙ্গে সিরিজ জিতে এসেছিল। তবে দ্বিপক্ষীয় সিরিজের চেয়ে লঙ্কা অনেক বেশি ভয়ংকর বহুজাতি টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন মানসিকতার ব্যাপারটি তাদের ইতিহাসের সঙ্গেই জড়িয়ে; যা কিনা এবারের এশিয়া কাপেও ধরা পড়েছে। ভারতের পর তারাই একমাত্র দল, যারা কিনা গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সুপারফোরে উঠেছে। সেখানে বাংলাদেশ সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে আসালাঙ্কাদের কাছে। আবুধাবিতে তাদের বিপক্ষে প্রথম দুটি ওভার মেডেন দিয়েছেন বাংলাদেশি ওপেনাররা। পারভেজ ইমন লঙ্কার বিপক্ষে শেষ তিনটি ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন।

তাই আজকের সেই ওপেনিং জুটি নিশ্চিতভাবেই থাকছেন না। তানজিদ তামিমের সঙ্গে দুবাইয়ের এই ম্যাচটিতেও ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ হাসানকে। আফগানিস্তানের বিপক্ষে যদিও সাইফকে নার্ভাস দেখিয়েছে, তবে সুযোগ তিনি আদায় করে নিয়েছেন। টপ অর্ডারে মোটামুটি রান এলেও প্রত্যাশা পূরণ করতে পারছেন না ছয় নম্বরে নামা জাকের আলী। গত দুটি ম্যাচে তাঁর মোট রান ৫৩, দুটোতেই অপরাজিত। ইনিংসের শেষ দিকে তাঁর যে ভূমিকা, সেই পাওয়ার হিটিং কিন্তু দেখা যায়নি জাকেরের ব্যাটে। লঙ্কার বিপক্ষে দুটি আর আফগানদের সঙ্গে একটি চার হাঁকিয়েছেন তিনি। কোনো ইনিংসেই ছক্কা মারতে পারেননি। সেখানে সুপারফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জাকেরের কাছ থেকে দলের প্রত্যাশা অনেক বেশি থাকবে। তাঁর ওই জায়গাতে বিকল্প হিসেবে রয়েছেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে একাদশ কীভাবে সাজানো হবে। তাছাড়া তাঁর জায়গায় স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

এমনিতে দুবাইয়ে খুব বেশি রান ওঠেনি এবার কোনো ম্যাচেই। এখনও পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচে এখানে ব্যাটারদের গড় স্ট্রাইকরেট ১০৯.২৬। যেখানে আবুধাবিতে ১১৯। দেড়শর কাছাকাছি স্কোরেও এই মাঠে লড়াই জমে উঠতে পারে। লঙ্কান ব্যাটারদের মধ্যে ফর্মের তুঙ্গে আছে তাদের ওপেনার পাথুম নিশাঙ্কা। সেই সঙ্গে কুশল মেন্ডিসও রানের মধ্যেই রয়েছেন। তবে এই মাঠেই হংকংয়ের সঙ্গে বড্ড অস্বস্তিতে পড়েছিল শ্রীলঙ্কা। দেড়শ রান তাড়া করতে নেমে ঘাম ছুটে গিয়েছিল তাদের। এ কারণে মুস্তাফিজের ভালো কোনো স্পেল, নাসুমের কোনো ব্রেক থ্রু ম্যাচের রং বদলে দিতে পারে। কাছাকাছি মানের দুই প্রতিপক্ষের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি দারুণ কিছু ফিল্ডিংয়েও নির্ণায়ক হতে পারে। আসলে সুপারফোরে সুপার একটা ম্যাচ দেখার অপেক্ষাতেই আছে দুবাই।

-দৈনিক সমকাল

Translate »