‘নোট অব ডিসেন্টগুলো’ লিপিবদ্ধ হলে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে, যদি তাদের উত্থাপিত প্রস্তাবনা ও ভিন্নমতগুলো আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বন্দর এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “সাংবাদিকেরা জানতে চেয়েছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কি না। আমি বলব, একটু অপেক্ষা করুন। অন্য দুই দল বলেছে, তাদের প্রস্তাব (পিআর) না মানা হলে তারা সই করবে না—আমরা কিন্তু সে কথা বলিনি। আমরা বলেছি, আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব, যদি আমরা যে কথাগুলো বলেছি, সেগুলো লিপিবদ্ধ করা হয়। যেগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছি, সেগুলোও যদি অন্তর্ভুক্ত করা হয়।”
তিনি আরও বলেন, “আমরা গণভোট মেনে নিয়েছি। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে। বিএনপি এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে। আগামী দিনেই জানতে পারবেন, আমরা সনদে স্বাক্ষর করব কি না। এত অস্থির হবেন না, একটু অপেক্ষা করুন—একটু টেনশন থাকা ভালো।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতির কথাও উল্লেখ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, “তিনি দেশে ফিরলে জনগণের মধ্যে যে উত্তাল তরঙ্গ তৈরি হবে, সেই উত্তালে সব অপশক্তি ভেসে যাবে।”
গণতন্ত্র পুনরুদ্ধারে এখনই ঐক্যের সময় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “জাতির সামনে সুযোগ সব সময় আসে না। এখন আমাদের সামনে যে সুযোগ এসেছে—গণতন্ত্র প্রতিষ্ঠার, সুষ্ঠু নির্বাচনের, সেই সুযোগ আমরা কাজে লাগাব।”
বিএনপির জন্ম গণতান্ত্রিক চেতনা থেকে উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরাই সংবিধানে যুক্ত করেছিলাম। সেই ব্যবস্থার অধীনে চারবার সুষ্ঠু নির্বাচন হয়েছে। পরে শেখ হাসিনা সেটি বাতিল করেন, কারণ অবাধ নির্বাচন হলে তারা জিততে পারবে না।”
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-দৈনিক ইত্তেফাক

