Type to search

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় মাঠে পাখির ডিম, ১ মাস বন্ধ খেলা

অনন্য এক প্রকৃতিপ্রেমের সাক্ষী হলো ফুটবলবিশ্ব। ফুটবল মাঠে ঝড়, অতিবৃষ্টি বা তুষারপাতের জন্য ম্যাচ বন্ধ রাখার ঘটনা নতুন নয়। তবে কোনো প্রাণীর কারণে মাসব্যাপী কোনো স্টেডিয়াম বন্ধের নজির খুব একটা নেই। এমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। সংরক্ষিত প্রজাতির একটি পাখি মাঠের মাঝখানে ডিম পাড়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবর, গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরে অবস্থিত জেয়াবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ খেলতে গিয়ে খেলোয়াড়রা জানতে পারেন, মাঠের ঠিক মাঝখানে ডিম পেড়েছে এক প্লোভার পাখি। স্থানীয় কাউন্সিল ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে জানায়, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি প্লোভার ডিম দিয়েছে। তাই স্থানীয় বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
জানা যায়, এ কারণে ২৮ দিন বন্ধ থাকতে পারে মাঠটি। এ বিষয়ে কাউন্সিল বলেন, ‘আমাদের দেশি প্রজাতিগুলো রক্ষায় সক্রিয় হতে হবে। ডিম সরানো প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি সাপেক্ষে সেসব করতে হবে।’
এমন সিদ্ধান্তে স্থানীয় ফুটবল দলগুলোকে কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল। একইসঙ্গে তাদের খেলা ও অনুশীলন সরিয়ে নিয়ে সহযোগিতা করার পাশাপাশি কর্তৃপক্ষকে বিকল্প মাঠের ব্যবস্থাও করে দিয়েছে কাউন্সিল। প্লোভার পাখি বাচ্চা জন্মদানের পর অত্যন্ত রক্ষণশীল ও বেশ আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিচিত। এ সময়ে তারা টানা ঝাপটে, তীব্র শব্দ করে ও ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে অনুপ্রবেশকারীদের বাসা থেকে দূরে রাখার চেষ্টা করে।

-ডেইলি মেইল
Translate »