আগস্টে হামলা, আইনি হয়রানি ও হুমকির শিকার ৫১ সংবাদকর্মী
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)-এর মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৫১ জন সংবাদকর্মী বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিএজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্টে ১৮টি ঘটনায় ৪২ জন সংবাদকর্মী শারীরিক হামলা ও আঘাতের শিকার হয়েছেন। এছাড়া ৫ জন আইনি হয়রানির এবং ৪ জন হুমকি, হেনস্তা ও পেশাগত কাজে বাধার মুখে পড়েছেন।
সেখানে আরও বলা হয়, রাজনৈতিক নেতাকর্মী, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রাজধানীর বিজয় সরণি এলাকায় এক নারীকে পুলিশের মারধরের ঘটনা ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেনকে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় হামলায় কামরুজ্জামান কায়েসসহ ছয় সাংবাদিক আহত হন। বকশীবাজারে সংঘর্ষের খবর সংগ্রহের সময় আহত হন আরও দুই সাংবাদিক। কক্সবাজারে শুল্ক ফাঁকি চক্রের হামলায় চার সাংবাদিক আক্রান্ত হন। যশোরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা হামলার শিকার হন পাঁচ স্থানীয় সাংবাদিক।
বিএজে বলছে, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, বাধা ও আইনি হয়রানির পেছনে বিচারহীনতা দায়ী। এ পরিস্থিতিকে মুক্ত গণমাধ্যমের জন্য ‘অশনি সংকেত’ উল্লেখ করে সংগঠনটি প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। -দৈনিক যুগান্তর

