Type to search

কমিউনিটি জাতীয় বাংলাদেশ

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু: হাসপাতাল ও গালুলু মর্গ পরিদর্শনে হাইকমিশনার

মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ডিগুরাহ দ্বীপের একটি গেস্ট হাউসে এ ঘটনায় আরও দুইজন গুরুতরভাবে আহত হন।

ঘটনার সংবাদ পাওয়ার পর বাংলাদেশ হাইকমিশন, মালে মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ ও সমন্বয় করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে হাইকমিশনার নিজে এবং দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করেছেন।  নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গেও  যোগাযোগ করেছে হাইকমিশন।

গুরুতর আহত দুই বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য মালে শহরের হাসপাতালে স্থানান্তর এবং তাদের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. ম. নাজমুল ইসলাম মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আহতদের পরিদর্শন করেন এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি গালুলু মর্গ পরিদর্শন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিস্ফোরণের পর মোট সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার।  আহত দুজন হলেন- জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

নিহত মো. সদর আলী ও সফিকুল ইসলামের মরদেহ আগামীকাল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ হাইকমিশন এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। -যুগান্তর

Translate »