Type to search

জাতীয় বাংলাদেশ

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণভোটকে সফল করতে হবে: আলী রীয়াজ

ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই গণভোটকে সফল করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪-এ আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের মোকাবিলা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই গণভোটকে সফল করতে হবে।’

বুধবার, ১৪ জানুয়ারি) রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকার। ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুরের পুলিশ কমিশনার মো. মজিদ আলী। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ইমামরা এতে অংশ নেন।

আলী রীয়াজ বলেন, সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট এসেছে জুলাই গণঅভ্যুত্থান থেকে। এ পর্যায়ে গণভোটে ‘হ্যাঁ’ বলার মাধ্যমে সেই ম্যান্ডেটকে পূর্ণতা দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শহিদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের শিক্ষা দিয়েছে যত প্রতিকূলতাই থাক, যদি ন্যায়ের পক্ষে থাকি, বিজয় আমাদের অনিবার্য।’

প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক আরও বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। না হলে দেশে গণঅভ্যুত্থান হতো না। যাদের রক্তে এই সনদ লেখা হলো তারাই দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন।’

সম্মেলনের বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, ‘গণভোট কারো একার এজেন্ডা নয়, দেশের সকল রাজনৈতিক দল, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ সবাই মিলে জুলাই সনদ তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘গণভোটে যারা ‘না’ এর পক্ষে কথা বলে তা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পক্ষেই কথা বলে। গত ৫৪ বছরেও আমরা দেশে ইনসাফ কায়েম করতে পারিনি। স্বাধীনতার যে লক্ষ্য ছিল তা অর্জন করতে পারিনি। তিনি বলেন, এবারো যদি আমরা স্বাধীনতার লক্ষ্য একটি ন্যায়, সাম্য ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হবে।’

ধর্ম সচিব মো. কামাল উদ্দিন বলেন, ‘আমাদের আলেম সমাজ সব থেকে বেশি বঞ্চনার শিকার। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে আলেমগণ তাদের অধিকার ফিরে পাবে উল্লেখ তিনি বলে মানুষের হক প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গণভোট একটি বিরাট সুযোগ।’

কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব বলেন, ‘গণভোটের কোনো দফাই ধর্ম, আইন ও নীতির সাথে সাংঘর্ষিক নয়। আলেম সমাজ গণভোটের সকল দফার সাথে একমত উল্লেখ করে গণভোটের সফল বাস্তবায়নে সমাজের আলেমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে যাবে বলে অংগীকার ব্যক্ত করেন।’- ইত্তেফাক

Translate »