হাদির মৃত্যু: আজহারী বললেন, ‘আল্লাহ তার আত্মত্যাগ কবুল করুন’; আহমাদুল্লাহ বললেন, ‘শহীদ তাকে হিসেবে কবুল করুন’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় দুই ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী।
শোকবার্তায় শায়খ আহমাদুল্লাহ বলেন, “বিপ্লবী ওসমান হাদিকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতা থেকে তরুণ প্রজন্ম যেন অনুপ্রাণিত হতে পারে—আল্লাহ সে তাওফিক দান করুন।”
অন্যদিকে মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, “আবরার ফাহাদ ও আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তিনি আরও বলেন, “আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগ কবুল করুন, তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোক ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে।-দৈনিক ইত্তেফাক

