Type to search

রাজনীতি

জুলাই সনদ ও গণভোটে পিআর চায় জামায়াত

জুলাই সনদে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ থেকে এই দাবি জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে। জনগণ গণভোটে যে মতামত দেবে, তা জামায়াত মেনে নেবে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, একটি দল দ্রুত নির্বাচন চায় কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না। ‘দলের চেয়ে দেশ বড়’- মুখে এ কথা বললেও কাজে তা প্রকাশ করছে না। একটি বিশেষ দলের চাপে প্রশাসনে ওই দলের পছন্দের লোক বসানো হচ্ছে। এতে নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।

পিআরসহ পাঁচ দাবিতে শুক্রবার ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ যুগপৎ আন্দোলনে নামা ৭ দল। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের কর্মসূচিতে গোলাম পরওয়ার বলেছেন, ওসি, ডিসি, ইউএনও, আমলা, এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকের ভূমিকা এখনও জাতির সামনে প্রশ্নবিদ্ধ।

গোলাম পরওয়ার বলেন, জনগণ পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এই পদ্ধতি সম্পর্কে ভিন্নমত পোষণ করার অধিকার আছে। কিন্তু এ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কারও নেই। ১৫ অক্টোবর জুলাই সনদ সইয়ের আগে পিআরের বিষয়টি সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান পরওয়ার।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোর পাশাপাশি গণভোটের মধ্যে পিআর প্রস্তাবও যুক্ত করতে হবে। জনগণ বিপক্ষে মত দিলে জামায়াত পিআরের দাবি থেকে সরে আসবে।

জাতীয় ঐক্যের স্বার্থে জামায়াত সংস্কারে ছাড় দিয়েছে দাবি করে গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোথায় কী নাড়াচাড়া হচ্ছে, এর খবর আমাদের কাছেও আছে। যারা আওয়ামী লীগসহ ১৪ দলকে রক্ষা করার জন্য কথা ইনিয়ে-বিনিয়ে কথা বলে, তারা ভারতের দালাল।

জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, যারা আমাদের ভাইদের হত্যা, গুম ও নির্যাতন করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এ সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তৃতা করেন।

সমাবেশ শেষে দক্ষিণ গেট থেকে জামায়াতের মিছিল কাকরাইলে গিয়ে শেষ হয় নেতাকর্মীরা স্লোগান দেন ‘এই মুহূর্তে দরকার, পিআর আর সংস্কার’, ‘অবিলম্বে গণভোট, দিতে হবে, দিয়ে দাও’ ইত্যাদি।

-দৈনিক সমকাল

Translate »