Type to search

Lead Story রাজনীতি

পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত

প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল। নির্বাচনে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির কথাও বলেন তিনি।

গতকাল রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টার দিকে জামায়াতের আমীরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউ’র ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় কার্যালয়ে গমন করে। জামায়াত আমীরের সঙ্গে ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রতিনিধিদল নির্বাচনের প্রস্তুতি এবং কোনো ধরনের হুমকি বা ‘থ্রেড’ আছে কিনা, সে বিষয়ে জানতে চায়।

বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমতল ভূমির ঘাটতি আছে। প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। বলেন, সুনির্দিষ্টভাবে মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তার ব্যাপারে অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের তরফে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না।

নির্বাচনে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও তৎপর হওয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়।
এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনী কার্যক্রমে বাধা ও হয়রানি করা হচ্ছে এবং ১৫ নির্বাচনী অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে সাধারণ ভোটারের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিতে পারে।

আমীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
জামায়াতের আমীর এবং ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নামে অপপ্রচার ও মিথ্যাচারের অভিযোগ করছে দলটি। গতকাল দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, জামায়াতের আমীর ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে- যা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, ডা. শফিকুর রহমান একজন সৎ, আদর্শবান এবং দেশের সর্বস্তরের জনগণের নিকট গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে প্রকাশ্যে টাকা প্রদানের যেসব অপপ্রচার চালানো হচ্ছে তা রাজনৈতিকভাবে দেউলিয়া ও নৈতিকভাবে পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। জনগণের ক্রমবর্ধমান সমর্থনে ভীত হয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
এডভোকেট জুবায়ের বলেন, আমীরসহ জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে ছড়ানো সব ধরনের মিথ্যাচার, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে সংশ্লিষ্ট মহলকে মিথ্যাচার বন্ধ করার আহ্বানও জানাই। -মানবজমিন

Translate »