সারা দেশ থেকে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা, কানায় কানায় পূর্ণ উদ্যান
সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে রাজধানীর ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শনিবার সকাল ৯টার দিকে সরজমিনে রাজধানীর বিভিন্ন সড়কে দলটির নেতা-কর্মীদের ভিড় দেখা যায়। ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায় তাদের। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে উদ্যান। দলটির নেতাকর্মীদের ভিড় রয়েছে মেট্রোরেলেও।
ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করছে জামায়াত। এর আগে জামায়াত কখনো সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে সমাবেশ করেনি। সোহরাওয়ার্দীর এই সমাবেশে স্মরণীয় উপস্থিতি নিশ্চিত করতে চাইছে দলটি। দলটি মনে করছে, এটিই সবচেয়ে বড় সমাবেশ হবে।
হাতে ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে আসছেন তারা। মিছিলে ‘সমাবেশ সফল’ হোক বলে স্লোগান দিচ্ছেন।
এর আগে সরা দেশ থেকে লঞ্চ, ট্রেন ও বাসে করে রাজধানীতে আসেন নেতাকর্মীরা। গতকাল রাত থেকেই সোহ্রাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন তারা।
এদিকে আগারগাঁও, ষাটফিট রোড, শেওড়াপাড়া ও শিশুমেলাসহ আশপাশ এলাকায় রাস্তার দু ধারে ঢাকার বাইরে থেকে আসা যানবাহন পার্ক করে রাখতে দেখা গেছে।
জাতীয় সমাবেশে নির্বাচন নিয়ে বিশেষ বার্তা দিতে চায় জামায়াতে ইসলামী। আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা রয়েছে সমাবেশটি। একে ঘিরে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালিয়েছে দলটি।
সারা দেশ থেকে সড়ক নৌ এবং রেলপথে নেতাকর্মীদের আসা-যাওয়ার সুবিধার্থে দল থেকে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। আসন্ন নির্বাচন এবং সংস্কার বিচারসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতবিরোধ ও বিতর্কের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতের এই জাতীয় সমাবেশ।
ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানের এ সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। সংশ্লিষ্টরা জানান, মহাসমাবেশে দলের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সংস্কার বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের জোরালো দাবি উত্থাপন করা হবে।
সংশ্লিষ্টরা বলেন, ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাজধানীতে এটাই তাদের বড় আকারের সমাবেশ। বিগত ১১ মাসে সারা দেশে জামায়াতের অনেক সভা-সমাবেশ হয়েছে। এর আগে জামায়াত কখনো সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে সমাবেশ করেনি।
এ ছাড়া রাজশাহী, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের নেতাকর্মীদের জন্য ১২টি ট্রেন ভাড়া করা হয়েছে। জামায়াতের জাতীয় সমাবেশকে সুষ্ঠু ব্যবস্থাপনায় রাখতে ছয় হাজার স্বেচ্ছাসেবক, সমাবেশস্থলে ১৫টি মেডিকেল বুথ ও বিভিন্ন জেলা থেকে আসা গাড়ি পার্কিংয়ের জন্য ১৫টি স্পট নির্ধারণের কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
-দৈনিক মানবজমিন

