Type to search

Lead Story রাজনীতি

সেফ এক্সিট: এনসিপি নেতাদের অভিযোগে উপদেষ্টাদের প্রতিক্রিয়া

অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা সেফ এক্সিট বা নিরাপদে সরে যাওয়ার উপায় খুঁজছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা। হঠাৎ করে কেন তারা এই প্রসঙ্গ তুললেন সেই প্রশ্ন সামনে এসেছে। এদিকে তাদের এমন অভিযোগের পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা।

চলতি সপ্তাহের শুরুর দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সেফ এক্সিট প্রসঙ্গটি তোলেন। পরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও একই বিষয়ে বক্তব্য দেন তাদের দলের এক সভায়। এ নিয়ে নানা আলোচনা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ প্রসঙ্গে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে তার দলের নেতাদের বক্তব্য, এটা এনসিপিরই সামগ্রিক বক্তব্য।

আখতার জানান, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার ও সংস্কার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সেটি পালনের দায়িত্ব নিয়েও তা না করে কোনো কোনো উপদেষ্টা তাদের ওপর অর্পিত দায়িত্ব থেকে পালিয়ে বাঁচতে চান। নাহিদ কিংবা সারজিস সেই বিষয়টিই বলেছেন। তবে সেফ এক্সিট প্রশ্ন তুললেও নাহিদ কিংবা সারজিস সুনির্দিষ্ট করে কোনো উপদেষ্টার নাম বলেননি।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘সব রাজনৈতিক দলের মতো নতুন রাজনৈতিক দলের সঙ্গেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ (কাজের সম্পর্ক) আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি উনার কোনো বিষয়ে গ্রিভেন্স (দুঃখবোধ) আছে। এ বিষয়গুলো উনাকেই পরিষ্কার করতে হবে। উনি যদি কখনো পরিষ্কার করেন, তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে। সেটির আগে সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই।’-দৈনিক ইত্তেফাক

Translate »