মিরপুরে আগুনে নিহত প্রতি পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি এনসিপির
মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় আগুনে নিহতদের প্রতিটি পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর স্বাধীনতা চত্বরে এনসিপি মিরপুর জোনের প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। মিরপুরে অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার বিচার, নিহতদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অবৈধ রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানার মালিকদের আটকের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, অগ্নিকাণ্ডটা যেখানে ঘটেছে সেটির নামই ‘রূপনগর আবাসিক এলাকা’, তাহলে এখানে কীভাবে রাসায়নিকের গুদাম হলো পোশাক কারখানা স্থাপন করা হলো? তিন থেকে চারটি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কারখানা স্থাপন সম্ভব নয়। যদি অনুমোদন না নেয় তাহলে ওইসব মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসে বসে কী করছেন। এসব কারখানার মালিকদের আটক করে বিচারের আওতায় আনতে হবে। মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা এই এলাকার দায়িত্বে আছেন তাদের বিচারের আওতায় আনতে হবে।
আরিফুল ইসলাম আদীব বলেন, আমাদের তিন দফা দিয়েছি তা অতিদ্রুত পূরণ করতে হবে।
এনসিপি ঢাকা মহানগর উত্তরের নেতা সরদার আমিরুল ইসলাম সাগর বলেন, এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল আমাদের রূপনগরে, অথচ এই অন্তর্বর্তী সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও মিরপুর জোন প্রধান মনসুর আহমেদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের ও আরিফুল ইসলাম নাঈম, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান, শাহ আলী থানা এনসিপির প্রধান সমন্বয়কারী রানা খান, ফয়সাল আহমেদ, রেহেনা আক্তার রুমা, রূপনগর থানা এনসিপির নেতা শারমিন সুলতানা যুথি, তানভীর ফাহিম, ফারহান প্রমুখ। -দৈনিক সমকাল

