১০ দলীয় ঐক্যের লক্ষ্য দেশের মানুষের অধিকার রক্ষা: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আল্লামা মামুনুল হক বলেছেন, ১০ দলীয় ঐক্যের লক্ষ্য হলো দেশের মানুষের অধিকার রক্ষা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন করা।
সোমবার (০২ ফেব্রুয়ারি ) বিকালে শিবচরের ঐতিহাসিক নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে মাদারীপুর-১ (শিবচর) আসনে ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী পীরজাদা সাঈদ আহমেদ হামজালার পক্ষে নির্বাচনি প্রচারণায় এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে নীতিবান ও আদর্শিক নেতৃত্ব নির্বাচন করা সময়ের দাবি। মাদারীপুর-১ আসনে পীরজাদা সাঈদ আহমেদ হানজালা একজন যোগ্য ও জনদরদী প্রার্থী। রিকশা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করলে এলাকায় ন্যায়বিচার ও ইনসাফ কায়েম হবে।
জনসভায় সাঈদ আহমেদ হামজালা বলেন, আমি আপনাদের সন্তান। শিবচরের উন্নয়নের পাশাপাশি মানুষের ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষায় আমি কাজ করতে চাই। ইনশাআল্লাহ, রিকশা প্রতীকের বিজয় হলে এই এলাকা হবে একটি মডেল নির্বাচনি এলাকা।
অনুষ্ঠানে ১০ দলীয় ঐক্যের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে রিকশা প্রতীকের জয় নিশ্চিত করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।-যুগান্তর

