ট্রাম্পকে চান না ৬০ শতাংশ মার্কিনি
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে ক্ষুব্ধ নাগরিকরা। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তার শুল্কনীতি বাতিলও করেছে। কিন্তু প্রেসিডেন্ট আদালতকে তোয়াক্কা না করে ভিন্ন আইনের দোহাই দিয়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। শুল্ক নিয়ে যখন আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রে মতবিরোধ বাড়ছে, তখন মার্কিন সমীক্ষক সংস্থার জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ মার্কিনি প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পের অপসারণ চান।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট ইপসোস নলেজ প্যানেলের মাধ্যমে আমেরিকা জুড়ে সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় সে দেশের বেশির ভাগ মানুষ ট্রাম্পের শুল্কনীতি, বৈদেশিক সম্পর্ক, অভিবাসন ও সামগ্রিক অর্থনীতির বিরুদ্ধে সরব হয়েছেন।
দেশের দুই-তৃতীয়াংশ মানুষ (প্রায় ৬৫ শতাংশ) মুদ্রাস্ফীতি রোধে ট্রাম্পের নীতির বিরুদ্ধে সরব। আমদানিকৃত পণ্যে অধিক শুল্ক চাপানোর বিরোধিতায় সরব ৬৪ শতাংশ, ৬২ শতাংশ মানুষ ট্রাম্পের বৈদেশিক নীতিকে ভুল বলে মনে করেন।
৫৮ শতাংশ মানুষ অভিবাসন ও ৫৭ শতাংশ মানুষ মনে করেন সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছেন ট্রাম্প। তবে ট্রাম্পের ওপর বিরক্ত হলেও ডেমোক্র্যাটদের ওপর বিশেষ আস্থা নেই মার্কিনিদের।
আমেরিকার জনগণ কাদের বেশি বিশ্বাস করেন, সে প্রশ্নের উত্তরে ৩৩ শতাংশ মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছে, সেখানে ডেমোক্র্যাটরা (৩১ শতাংশ) এবং ৩১ শতাংশ মানুষ কারো ওপরই আস্থা রাখেন না। —হিন্দুস্তান টাইমস

