Type to search

Lead Story রাজনীতি

‘প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে যারা অশ্লীলতা করেছে, তাদের বিচার চাই’

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীল ছবি দিয়ে মিথ্যা প্রচার করছে তাদের বিচার চাইলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ দাবি তুলেন।

‘প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তাদের বিচার চাই। প্রধানমন্ত্রী বিচার না চাইলেও আমি বিচার চাই। প্রধানমন্ত্রীর মেয়ে আমাদেরও মেয়ে।’

তিনি ‘দোষারোপের রাজনীতি করতে চাই না’ উল্লেখ করে বলেন, নির্মোহভাবে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করুন।

একই বক্তব্যে তিনি রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, ‘ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়, এমন কিছু করবেন না, যাতে ফ্যাসিবাদ ফিরে আসে। কিন্তু নির্বাচনের আগে ট্রেজারি বেঞ্চের জ্যেষ্ঠ নেতারা বলেছিলেন, তোমাদের জন্য দুয়ার খোলা। সব মামলা তুলে নেওয়া হবে। সেই সমঝোতা কি এখনো আছে?’

এ ছাড়া তিনি অতীতের বিভিন্ন অপরাধ গুম, খুন, ধর্ষণসহ সব ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান এবং বলেন, ‘ফ্যাসিবাদের সময়ের সব অপরাধের বিচার হতে হবে। ওসমান হাদির হত্যার বিচার পর্যন্ত তা আসতে হবে। যে গুম, খুন, ধর্ষণ হয়েছে, তার বিচার হতে হবে। নইলে তাদের আত্মার অভিশাপ নিতে হবে এই সংসদকে। আমরা এখানে বিরোধী দলকে প্রতিনিধিত্ব করতে আসিনি। মানুষের প্রতিনিধিত্ব করি।’

কৃষি খাত নিয়েও সমালোচনা করে তিনি বলেন, ‘কৃষকেরা মধ্যস্বত্বভোগীর যন্ত্রণায় রয়েছেন। গ্রামে ১০ টাকায় বিক্রি করা ফসল, ঢাকায় ৪০ টাকায় বিক্রি করা হয়। কৃষক কি ন্যূনতম দামের জন্য সরকার থেকে এটুকু সমর্থন পেতে পারে না?’

তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কারও চোখ রাঙানিতে ভয় পাই না। সরকার যদি সাহস করে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত সমর্থন করবে। অন্তত আমি থাকব।’ -ইত্তেফাক

Translate »