Type to search

Lead Story আন্তর্জাতিক

ইরান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরালে রিপাবলিকানদের এক সমাবেশে তিনি এই সংঘাতকে একটি ‘স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ’ (Short-term excursion) হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্প দাবি করেন, এই অভিযানে ইরান সামরিকভাবে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে এবং যুদ্ধটি এখন সমাপ্তির পথে।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি যুদ্ধটি প্রায় সম্পন্ন হয়ে গেছে। ইরানের এখন কোনো নৌবাহিনী নেই, কোনো যোগাযোগ ব্যবস্থা নেই এবং কোনো বিমানবাহিনীও অবশিষ্ট নেই।’

তিনি আরও উল্লেখ করেন যে, মার্কিন সামরিক বাহিনী এই অভিযান শেষ করার জন্য প্রাথমিক যে ৪-৫ সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছিল, বর্তমান অগ্রগতি তার চেয়েও অনেক বেশি এগিয়ে রয়েছে।

ট্রাম্পের মতে, ইরানি ড্রোন তৈরির কারখানাগুলো ধ্বংস করা হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও এখন অকার্যকর। তবে ইরান প্রায় পুরোপুরি বিধ্বস্ত হলেও ‘চূড়ান্ত বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দমে যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অনেকভাবেই জয়ী হয়েছি, তবে আমাদের আরও কিছু করার বাকি আছে।’

এদিকে, যুদ্ধের দশম দিনে এসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। ট্রাম্প এই নির্বাচনকে ইরানের একটি ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছেন। যুদ্ধের এই পর্যায়ে এসে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও উড়িয়ে দেননি। বর্তমান পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে। -সিবিএস নিউজ

Translate »