Type to search

Lead Story আন্তর্জাতিক

দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের শর্তে আপত্তি ইরানের

ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু করার বিষয়ে এখনও সম্মতি দেয়নি তেহরান, এবং এ নিয়ে কোনো নির্দিষ্ট সময়সূচিও নির্ধারিত হয়নি। শনিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সূত্রটির দাবি, যুক্তরাষ্ট্র আলোচনার সময় অতিরিক্ত কিছু শর্ত সামনে এনেছে, যা ইরানের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। ফলে পরবর্তী আলোচনায় বসতে হলে এসব শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান।

ইরান তাদের অবস্থান ইতোমধ্যে পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে তারা রাজি নয়।

এছাড়া ফলহীন ও দীর্ঘসূত্রতাপূর্ণ আলোচনায় সময় নষ্ট করতে আগ্রহী নয় বলেও মধ্যস্থতাকারীদের স্পষ্টভাবে জানিয়েছে ইরান।

এদিকে সম্ভাব্য নতুন দফার আলোচনা প্রসঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেন, উভয় পক্ষ একটি যৌথ কাঠামোতে একমত না হওয়া পর্যন্ত আলোচনার অগ্রগতি সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, এই কাঠামো নির্ধারণ না হওয়া পর্যন্ত কোনো বৈঠকের তারিখ ঠিক করা যাবে না।

খতিবজাদেহ জোর দিয়ে বলেন, যেকোনো আলোচনায় ইরান আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের অধিকার অক্ষুণ্ণ রাখতে চায় এবং এ ক্ষেত্রে কোনো আপস করতে প্রস্তুত নয়।

সূত্র: আল জাজিরা

Translate »