Type to search

আন্তর্জাতিক কমিউনিটি

রোমানিয়ায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য রোমানিয়া সরকার এক জরুরি অধ্যাদেশ (নং–৩২, ২৩ এপ্রিল ২০২৬; অফিসিয়াল গেজেট নং–৩৩৫, ২৭ এপ্রিল ২০২৬) জারি করে রাজক্ষমা (এমনেস্টি) কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এতে অনুচ্ছেদ–৫২ অনুযায়ী, নন-ইইউ দেশ থেকে আসা যেসব কর্মী বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন, তাদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানায় বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, কারণ এর মাধ্যমে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।

বিশেষ করে যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধা নিতে পারবেন। যেমন, কেউ ওয়ার্ক ভিসায় গিয়ে যদি নিয়োগকারী প্রতিষ্ঠান তাকে কাজ না দেয় এবং ৯০ দিনের মধ্যে নতুন চাকরি না পান, তাহলে তিনি স্বাভাবিকভাবেই অবৈধ হয়ে যান।

দূতাবাস জানায়, অনেক ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে কর কেটে নিলেও তা সরকারকে জমা দেয় না বা সময়মতো টিআরসি আবেদন সম্পন্ন করে না, ফলে অনেক কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন।

এই প্রেক্ষাপটে, এসব কর্মীকে নতুন আইন শুরুর ৬০ দিনের মধ্যে রোমানিয়া ইমিগ্রেশনে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে এ ক্ষেত্রে তাদের অবশ্যই একটি নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে পরবর্তীতে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।

দূতাবাস বলছে, যেহেতু এ ব্যবস্থা নতুন, তাই প্রাথমিক পর্যায়ে কিছু জটিলতা দেখা দিতে পারে। সে কারণে প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে উল্লেখ্য যে, যেসব ব্যক্তি ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ (দেশত্যাগের নির্দেশ) পেয়েছেন বা যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন না। সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। -ইত্তেফাক

Translate »