Type to search

আন্তর্জাতিক

ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে ৮ প্রভাবশালী মুসলিম দেশ

বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের আটটি প্রভাবশালী দেশ।

বুধবার (২১ জানুয়ারি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতির মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত জানান।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এই পরিষদে তাদের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্পের এই শান্তি পরিষদ মূলত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট নিয়ে ২০২৭ সালের শেষ নাগাদ যুদ্ধোত্তর গাজার ব্যবস্থাপনা তদারকি করবে, তবে দীর্ঘমেয়াদে একে বৈশ্বিক সংঘাত নিরসনের একটি স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে গড়ার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।

এই পরিষদ গঠনের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয় হলো এর সদস্যপদ ও পরিচালনা পদ্ধতি। ডোনাল্ড ট্রাম্প নিজে এই বোর্ডের ‘আজীবন চেয়ারম্যান’ হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদের স্থায়ী সদস্য হওয়ার শর্ত হিসেবে প্রতিটি দেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার ফি প্রদান করতে হবে। এর আগে মিসর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত যোগ দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিলেও সৌদি আরবের নীরবতা নিয়ে জল্পনা ছিল।

-টাইমস অব ইসরায়েল

Translate »