হোয়াইট হাউসে বৈঠক: ম্যাক্রোঁকে ফিসফিসিয়ে কী বলেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সোমবার (১৮ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং গুরুত্বপূর্ণ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টা ধরে চলা বৈঠকে ট্রাম্পের পাশে বসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
বৈঠকের ঠিক আগে ট্রাম্প ম্যাক্রোঁর সঙ্গে ফিসফিস করে কথা বলেছিলেন, যা মাইকে ধরা পড়ে। তিনি মাখোঁকে বলেন, “আমার মনে হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমঝোতায় আসতে আগ্রহী।”
ট্রাম্প বলছিলেন, ‘আমার মনে হয় তিনি (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) সমঝোতা করতে চান…আমার মনে হয়, তিনি আমার জন্য একটি সমঝোতায় আসতে চান, আপনি এটা বুঝতে পারছেন তো? অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি।’ ট্রাম্পের এই মন্তব্যে বোঝা যায়, তিনি বিশ্বাস করেন পুতিন একটি সমঝোতায় পৌঁছাতে চান।
আলাস্কায় গত শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউরোপীয় নেতারা উপস্থিত ছিলেন—ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট।
বৈঠকের মাঝখানে ট্রাম্প ফোনে পুতিনের সঙ্গেও কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর বৈঠক আবার পুনরায় শুরু হয়।
বৈঠকের শেষ পর্যায়ে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনের কাজ শুরু করেছেন তিনি। তবে কবে ও কোথায় তা এখনও জানা যায়নি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ওই বৈঠকের পর আমাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে, যেখানে দুই প্রেসিডেন্টের সঙ্গে আমি থাকব। এটি প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।”
হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সঙ্গে বৈঠকের জন্য ‘প্রস্তুত’। মস্কোর পক্ষ থেকে ক্রেমলিনের এক সহকারী জানিয়েছেন, পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা বাতিল করেননি।

