জয়ের সেঞ্চুরির পর আড়াইশ’ পেরিয়ে বাংলাদেশ
চা-বিরতির পর দলীয় দুইশ স্পর্শ করে বাংলাদেশ। একটু পরই ১৯০ বলে সেঞ্চুরি তুলে নেন জয়। টেস্টে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ১ উইকেট হারিয়ে ২৫৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ১২৭ রানে আছেন মাহমুদুল জয় ও ৪৪ রানে আছেন মুমিনুল।
দ্বিতীয় সেশনে সাদমানকে হারাল বাংলাদেশ
সিলেট টেস্টে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। এই সেশনে স্বাগতিকরা ৮৯ রান যোগ করলেও, আক্ষেপ হয়ে থাকল ওপেনার সাদমান ইসলামের আউট । চা-বিরতির আগ পর্যন্ত বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় (৯৪*)।
২৪ ওভারে বিনা উইকেটে ১০৯ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করেন জয় ও সাদমান। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ অনায়াসেই ওপেনিং জুটিতে দেড়শ রান পার করে। অবশেষে ৪২তম ওভারে এসে ভাঙে ১৬৮ রানের এই দুর্দান্ত জুটি। হামপ্রেইসের নিচু হওয়া একটি ডেলিভারি সাদমানের ব্যাটের কানায় লাগলে উইকেটরক্ষক লরকান টাকার গ্লাভসবন্দি করেন। মাঠের আম্পায়ার প্রথমে আবেদনে সাড়া না দিলেও, আয়ারল্যান্ড রিভিউ নিলে সাদমানের বিদায় নিশ্চিত হয়। ফেরার আগে ১০৪ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। সাদমানের বিদায়ের পর তিন নম্বরে নামা মুমিনুল হককে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা পার করে দেন জয়। তিনি অপরাজিত আছেন ৯৪ রানে।
এর আগে সকালে দ্বিতীয় দিনের খেলা শুরুর মাত্র ১৪ বলের মধ্যেই আয়ারল্যান্ডকে অলআউট করে দেয় বাংলাদেশ। ৮ উইকেটে ২৮০ রান নিয়ে দিন শুরু করা আইরিশরা আর মাত্র ৬ রান যোগ করতে পারে। তাইজুল ইসলাম দিনের শুরুতেই ম্যাথু হ্যামফ্রেসকে এবং পরের ওভারে হাসান মাহমুদ বাডি ম্যাককার্থিকে (৩১) বোল্ড করে দিলে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস ২৮৬ রানে থেমে যায়। জবাবে জয়-সাদমানের ব্যাটে দ্বিতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করে স্বাগতিকরা।-সমকাল

