Type to search

খেলাধুলা

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমার লিখলেন ‘জোয়াও ১৩:৭’, এর মানে কী

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে ২৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি দলের সবচেয়ে বড় তারকা নেইমারের। কোচ জানিয়েছেন, শতভাগ ফিট না হওয়ার কারণেই আপাতত দলের বাইরে রাখা হয়েছে তাকে।

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার। তবে হাল ছাড়ছেন না তিনি। সেলেসাওদের দলে ডাক না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় পোস্ট দিয়েছেন নেইমার। তিনি লিখেছেন, ‘জোয়াও ১৩:৭।’

জোয়াও ১৩:৭ মূলত বাইবেলের গসপেল অব জনের অংশ। গসপেল অব জনের ১৩ অধ্যায়ের ৭ নম্বর ভার্সে বলা হয়েছে, ‘যীশু উত্তর দিলেন, “আমি এখন যা করছি তুমি তা বুঝতে পারছ না, কিন্তু পরে বুঝতে পারবে।”’

তাহলে কি নেইমার ইঙ্গিত দিলেন, আনচেলত্তি তাকে বুঝতে পারছেন না? কারণ ব্রাজিল দলে নেইমারকে না রাখা প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘নেইমার এখনো শতভাগ ফিট নয়, তাই ওকে দলে রাখা হয়নি। যদি ও শারীরিকভাবে শতভাগ ফিট হতে পারে, তাহলে (বিশ্বকাপে) ওর সুযোগ আছে। ও বিশ্বকাপে খেলতেও পারে। ওকে কাজ চালিয়ে যেতে হবে, খেলতে হবে। নিজের সামর্থ্য দেখাতে হবে এবং ভালো ফিটনেস ধরে রাখতে হবে।’

 ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

এ দিকে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেতে মরিয়া নেইমার। গত সোমবার সান্তোসের হয়ে ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই কাজ করছি। তবে সিদ্ধান্ত তো কোচিং স্টাফের। আমি দলে থাকি বা না থাকি, সেলেসাওদের সমর্থন দিয়ে যাব।’

Translate »