Type to search

Uncategorized জাতীয় বাংলাদেশ

খালেদা জিয়ার  জানাজা উপলক্ষে সকাল থেকে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে—

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ থাকবে; এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ।

সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট/বিজয় সরণী সড়কে সীমিত যান চলাচল।

সম্ভব হলে কাজী নজরুল ইসলাম এভিনিউ পরিহার করার অনুরোধ।

প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে সীমিত যান চলাচল।

বনানী-মহাখালী-গুলশান/এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিলগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনাল–মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে হবে।

মিরপুর থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী যানবাহনকে মিরপুর–টেকনিক্যাল–শ্যামলী রিংরোড ব্যবহারের অনুরোধ।

মিরপুর থেকে রমনা-মতিঝিলগামী যানবাহনকে শ্যামলী–আগারগাঁও–জাহাঙ্গীরগেট–মগবাজার ফ্লাইওভার রুটে চলাচল করতে হবে।

পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং অভিমুখে যান চলাচল সীমিত।

ধানমন্ডি ৩২ নম্বর ও প্রয়োজনে সাইন্সল্যাব থেকে যানবাহন ডাইভারশন।

প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে সীমিত যান চলাচল।

বন্ধ থাকবে যেসব সড়ক ও ক্রসিং

জানাজাস্থল খালি রাখতে বন্ধ থাকবে— ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং, ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং, বিজয় সরণী ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট ক্রসিং, রাপা প্লাজা ক্রসিং, গণভবন ক্রসিং। এ ছাড়া রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিকমিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত ও আড়ং পর্যন্ত এবং বিজয় সরণী–লেক রোড সংলগ্ন সড়কসমূহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্ধারিত পার্কিং এলাকা

  • ঢাকা মহানগরের যানবাহন: পুরাতন বাণিজ্য মেলার মাঠ
  • ঢাকার বাইরে থেকে আগত যানবাহন:
    • মতিঝিল বাণিজ্যিক এলাকা
    • শাহবাগ থানা এলাকা
    • উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌবাজার/গরুর হাট এলাকা
    • পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড

ডিএমপি জানিয়েছে, রাষ্ট্রীয় শোক ও জানাজা অনুষ্ঠানের মর্যাদা রক্ষায় সকলকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হচ্ছে। -দৈনিক ইত্তেফাক

Translate »