Type to search

সারাদেশ

জাতীয় যুব দিবসে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের পুরস্কার প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বর থেকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য জনাব মুহাম্মদ মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আবু সালেহ মো. আশরাফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব রিপন বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব সঞ্জীত কুমার দাস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব এস এম আজিজুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধি ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের পুরস্কার প্রদান এবং যুবকদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণের কর্মসূচিও অন্তর্ভুক্ত ছিল।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।

Translate »