Type to search

অস্ট্রেলিয়া

দক্ষিণ অস্ট্রেলিয়ায় আরও ১১ সন্দেহভাজন বার্ড ফ্লু রোগী শনাক্ত

দক্ষিণ অস্ট্রেলিয়ায় এইচ৫ ধরনের বার্ড ফ্লু স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন করে আরও ১১টি সন্দেহভাজন সংক্রমণ শনাক্ত হওয়ার পর কর্মকর্তারা বলছেন, ভাইরাসটি স্থানীয় পর্যায়ে বন্য পাখিদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ‘খুবই বেশি’।

বুধবার (২৮ জুলাই) অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ১১টি সন্দেহভাজন ঘটনার মধ্যে সাতটি দক্ষিণ অস্ট্রেলিয়ার সাউথ ইস্ট অঞ্চলে এবং চারটি ক্যাঙ্গারু আইল্যান্ডে পাওয়া গেছে।

যদিও চূড়ান্ত পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি, দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রাইমারি ইন্ডাস্ট্রিজমন্ত্রী ক্লেয়ার স্ক্রিভেন বলেছেন, এটি স্থানীয়ভাবে ভাইরাসটির বিস্তারেরই ইঙ্গিত দিচ্ছে। তার ভাষায়, খুব সম্ভবত এইচ৫ ভাইরাসটি এখন স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ছে।

রাজ্য সরকার জানিয়েছে, কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও)-এর পরীক্ষাগার থেকে এক-দুদিনের মধ্যে চূড়ান্ত পরীক্ষার ফল পাওয়ার আশা করা হচ্ছে। ওই ফলাফলের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে, বন্য পাখিদের মধ্যে স্থানীয়ভাবে এই ভাইরাস সংক্রমণ ঘটছে কিনা।

ক্লেয়ার স্ক্রিভেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলছে, এইচ৫ বার্ড ফ্লুকে পুরোপুরি থামানো সম্ভব হয়নি। অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সব মহাদেশেই স্থানীয়ভাবে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে স্বস্তির খবর হলো, এখন পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়া কিংবা দেশের অন্য কোথাও বাণিজ্যিকভাবে পালন করা মুরগি বা অন্যান্য খামারের পোলট্রিতে এইচ৫ বার্ড ফ্লুর কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।

এদিকে, স্থানীয় সি-লায়ন বা সামুদ্রিক সিংহের সুরক্ষার স্বার্থে জনপ্রিয় পর্যটন এলাকা সিল বে সাময়িকভাবে জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ অস্ট্রেলিয়ায় এইচ৫ বার্ড ফ্লুর প্রথম নিশ্চিত সংক্রমণ ধরা পড়ে গত ১৪ জুন। সে সময় একটি জায়ান্ট পেট্রেল প্রজাতির সামুদ্রিক পাখির দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

Translate »