সংঘর্ষ নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি
আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনায় বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না। কোনো রক্তপাত নয়, দেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই। যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে আমরা তাদের সমর্থন করতে চাই। সাম্প্রদায়িক কোনো বিভেদ নয়, এখানে সবাই বাংলাদেশি হয়ে বসবাস করবে।
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি আর ঠিকাদারির পেছনে দৌড়ানো বাদ দিতে হবে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সবাই মিলে এমন সমাজ গড়ে তুলতে চাই, যেখানে মানুষের মধ্যে মানুষের জন্য ভালোবাসা থাকবে। জীবনের বিনিময়ে হলেও যেন আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে কাজ করতে পারি।
ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘আপনার যে সম্মান, ভালোবাসা আমাকে দিলেন, আমি চিরদিন তা মনে রাখব। এ ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। এ ঋণ শোধ করার নয়। আমি পরম আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি, তিনি আজকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন, যেখানে আমি আপনাদের জন্য চেষ্টা করতে পারব। আপনারা এ কথা মনে করবেন না যে আমি আপনাদের থেকে দূরে চলে গেছি বা আপনারা আমার থেকে দূরে চলে গেছেন। আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আমি আপনাদের সঙ্গেই থাকব।’
সকলের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা অনেক ত্যাগ-তিতিক্ষা, লড়াই-সংগ্রামের পর আজকে আমরা একটা সুযোগ পেয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার। আসুন, কোনো লড়াই-সংঘাত নয়, সংঘর্ষ নয়, কোনো প্রতিশোধ নয়, কোনো রক্তপাত নয়, আমরা ভালোবাসা এবং ভালোবাসার মধ্য দিয়ে একটা সত্যিকার একটা সমাজ গড়ে তুলি। যে সমাজে সবাই এগিয়ে যাওয়ার সুযোগ পাব।’ -আমার দেশ

