Type to search

আন্তর্জাতিক কমিউনিটি

মালয়েশিয়ায় গভীর রাতে সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গভীর রাতে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজ্যের সেনাইয়ের তামান দেসা ইদামান এলাকার কয়েকটি আবাসিক ভবনে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২০৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৭ জন নারী রয়েছেন।

শনিবার দিনগত রাত দেড়টার দিকে জোহর রাজ্য অভিবাসন বিভাগ ও মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

জোহর রাজ্য অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে ২০ থেকে ৫৬ বছর বয়সি মোট ৫৪৩ জন বিদেশি নাগরিকের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২০৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। তাদের অনেকের কাছে কোনো পরিচয়পত্র বা বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি। আবার কেউ কেউ মালয়েশিয়ায় অবস্থানের অনুমোদিত মেয়াদ অতিক্রম করেছেন।

আটক ২০৫ জনকে অধিকতর তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জোহরের সেটিয়া ত্রোপিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এদিকে, জোহর রাজ্যের আবাসন ও স্থানীয় সরকারবিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকর এক বিবৃতিতে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের আনাগোনা রয়েছে, এমন চিহ্নিত এলাকাগুলোতে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিশৃঙ্খলা, জনদুর্ভোগ ও আবাসিক পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ পাওয়া গেলে সেসব এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।

তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজির ঘোষিত ‘মাজু জোহর’ উন্নয়ন কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো রাজ্যের নাগরিকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা। যাতে তারা নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াত করতে পারেন এবং শান্তিপূর্ণ‘ভেঙে পড়ছে সৌদি আরব’: ডোনাল্ড ট্রাম্প পরিবেশে দৈনন্দিন জীবনযাপন করতে পারেন।

এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, জননিরাপত্তা, আবাসিক এলাকার সুষ্ঠু পরিবেশ এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। যুগান্তর

Translate »